২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শঙ্কায় ইউনাইটেড কোচ

দলের একের পর এক হারে ভীষণ বিব্রতও কোচ হুবেন আমুরি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2024, 04:53 PM

Updated : 26 Aug 2026, 11:15 AM

কয়েক বছর আগেও এমন কিছু কি ভাবা যেত? বিশেষ করে, প্রিমিয়ার লিগ যুগ শুরুর পর থেকে যে দলকে সবসময় বিবেচনা করা হতো শিরোপাপ্রত্যাশী হিসেবে, সেই ম্যানচেস্টার ইউনাইটেডের আজ করুণ দশা। ফেভারিটের তকমা মুছে কক্ষচ্যুত তারা অনেক আগেই হয়েছে, এবার যেন সেটারই ষোলোকলা পূর্ণ হওয়ার অবস্থা। সবশেষ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হারের পর শীর্ষ লিগে টিকে থাকা নিয়েই শঙ্কায় পড়ে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন আমুরি।

বছরের শেষ ম্যাচে সোমবার প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আমুরির দল। চতুর্থ মিনিটে আলেকসান্দার ইসাকের সফল হেডে পিছিয়ে পড়ার পর ১৯তম মিনিটে জোয়েলিনতনের একইরকম হেডে দ্বিতীয় গোলটি হজম করে স্বাগতিকরা। ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সময় থাকলেও, পুরো ম্যাচে হতশ্রী ম্যানচেস্টার ইউনাইটেড একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি।

আসরে নবম হারের পর ১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংল্যান্ডের শীর্ষ লিগে ১৯৮৯ সালের পর এই প্রথম এতটা বাজে অবস্থানে থেকে বছর শেষ করতে যাচ্ছে দলটি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে নিজেদের ব্যর্থতা মেনে নিলেন আমুরি। স্পোর্তিংয়ে দুর্দান্ত সব ফল পাওয়ার পর নতুন চ্যালেঞ্জেও সফল হওয়ার আশায় ওল্ড ট্র্যাফোর্ডে পাড়ি জমান তিনি; কিন্তু পেতে হচ্ছে কেবলই ব্যর্থতা। এতে ভীষণ বিব্রতও ৩৯ বছর এই কোচ। 

“আমার মনে হয়, এই মুহূর্তে দলের সবাই ঠিক (এত ব্যর্থতার কারণ) বুঝে উঠতে পারছে না। তাই এই অবস্থায় ম্যানচেস্টার ইউনাইটেডে কোচের পরিচয় এবং এত বেশি ম্যাচ হারাটা কিছুটা বিব্রতকরও বটে।” 

“তবে কঠিন মুহূর্তের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে, এটা কঠিন সময়।” 

দলটির হতাশাময় পথচলা চলছে অনেক আগে থেকে। সাবেক কোচ এরিক টেন হাগের মেয়াদে শুরুতে একটু আশার আলো দেখা গেলেও তা মিলে যেতে সময় লাগেনি। এরপর চলতে থাকে টানা ব্যর্থতা, সেই দায়েই চাকরি হারান ডাচ কোচ। তার উত্তরসূরি হিসেবে নভেম্বরে দায়িত্ব নেন আমুরি; কিন্তু সাফল্যের দেখা নেই। 

উল্টো এই ডিসেম্বরে পুরোপুরি ব্যর্থতা জেঁকে ধরেছে দলকে। লিগে সাত ম্যাচ খেলে পাঁচটি এবং সব প্রতিযোগিতা মিলিয়ে বছরের শেষ মাসে মোট ছয়টি ম্যাচ হেরেছে তারা। ক্লাবের ইতিহাসে এক মাসে এই নিয়ে কেবল তৃতীয়বার এতগুলো ম্যাচ হারল তারা। 

যার প্রভাবে পয়েন্ট টেবিলে নেই কোনো উন্নতির ছাপ, বরং নেমে যেতে পারে আরও নিচে। লিগে এর চেয়ে বাজে অবস্থায় থেকে ৩৫ বছর আগের যেই মৌসুমে বছর শেষ করেছিল তারা, সেবার দলটি মৌসুম শেষ করেছিল ১৩তম হয়ে। 

কিন্তু এবার আরও খারাপ কিছুর শঙ্কায় আমুরি। অবনমন অঞ্চল থেকে বর্তমানে ৭ পয়েন্ট দূরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

তার দল কি এখন অবনমন এড়ানোর লড়াইয়ে আছে, এমন প্রশ্নে আমুরি বলেন, “তেমন সম্ভাবনা আছে বলেই মনে হচ্ছে। ভক্ত-সমর্থকদের প্রতি আমাদের বার্তা হতে হবে পরিষ্কার। আমার মনে হয়, এই ক্লাবে অজুহাত শুনতে শুনতে মানুষ বিরক্ত এবং এই কারণে কখনও কখনও আমি অবনমনের কথা বলি।” 

“ক্লাবের একটা ধাক্কা লাগা দরকার।”

১৯৭৯ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম ঘরের মাঠে টানা তিনটি লিগ ম্যাচ হারল ইউনাইটেড; নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৩-২, বোর্নমাউথের বিপক্ষে ৩-০ এবং সবশেষ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে। আর ব্যর্থতায় ঠাসা এই ডিসেম্বরে মোট ১৮টি গোল হজম করেছে দলটি, ১৯৬৪ সালের মার্চের পর যা সর্বোচ্চ (সেবারও ১৮টি গোল খেয়েছিল তারা)।