রেয়ালের পঞ্চদশ নাকি ডর্টমুন্ডের দ্বিতীয়
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মহারণে ফেভারিট রেয়াল মাদ্রিদের সামনে মৌসুমের চমক বরুশিয়া ডর্টমুন্ড।
ইতিহাস, ঐতিহ্য, দলগত শক্তি কিংবা মুখোমুখি লড়াইয়ের বিচারে রেয়াল মাদ্রিদ পরিষ্কার ফেভারিট। তবে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় বিস্ময় তো বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান দলটিকে খুব বেশি পিছিয়ে রাখার সুযোগ আছে সামান্যই। আর লড়াইটা যখন ফাইনালের, হতে পারে যেকোনো কিছু।
ইউরোপের সফলতম ক্লাব রেয়ালের সামনে রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ। আর একটি জয় তাদের এনে দেবে চ্যাম্পিয়ন্স লিগে ১৫তম শিরোপা। ডর্টমুন্ডের সামনে হাতছানি ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফিটা দ্বিতীয়বারের মতো ঘরে তোলার।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার শিরোপা লড়াইয়ে নামবে রেয়াল ও ডর্টমুন্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
২০০২ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও জার্মানির দুই দল। ২২ বছর আগে গ্লাসগোর ওই ফাইনালে বায়ার লেভারকুজেনকে হারিয়ে এই প্রতিযোগিতায় নবম শিরোপা জিতেছিল রেয়াল। তারপর থেকে আরও পাঁচবার এই স্বাদ পেয়েছে তারা।
চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিকে রীতিমতো নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে মাদ্রিদের দলটি। ইউরোপিয়ান কাপ নাম বদলে ১৯৯২ সালে চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পর আটবার ফাইনাল খেলে প্রতিবার ট্রফি উঁচিয়ে ধরেছে তারা। গত ১০ বছরেই জিতেছে পাঁচবার, যেখানে এই সময়ে তারা লা লিগা জিততে পেরেছে চারবার।
রেয়ালের থেকে অনেকটা পিছিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এসি মিলান। ডর্টমুন্ড এই স্বাদ পেয়েছে স্রেফ একবার। ১৯৯৭ সালে প্রথমবার ফাইনালে উঠে ইউভেন্তুসকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরার পর তারা আরেকবার ফাইনালে উঠেছিল ২০১৩ সালে, ওয়েম্বলিতে সেবার তারা হেরে যায় বায়ার্ন মিউনিখের কাছে। সেই একই মাঠে ১১ বছর পর ডর্টমুন্ড খেলবে আরেকটি ফাইনাল।
এই মৌসুমে ডর্টমুন্ড বুন্ডেসলিগা শেষ করেছে পাঁচে থেকে, চ্যাম্পিয়ন লেভারকুজেনের চেয়ে ২৭ পয়েন্টে পিছিয়ে। ২০১৪-১৫ মৌসুমে সাতে থেকে আসর শেষ করার পর জার্মানির শীর্ষ লিগে যা দলটির সবচেয়ে বাজে অবস্থান। জার্মান কাপে তাদের পথচলা থামে শেষ ষোলোয়।
ঘরোয়া প্রতিযোগিতাগুলোতে ভালো করতে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে তারা দেখিয়েছে বড় চমক। গ্রুপ পর্বের ড্রয়ের পর পিএসজি, এসি মিলান, নিউক্যাসল ইউনাইটেড ও ডর্টমুন্ডের গ্রুপটাকে বলা হয়েছিল ‘মৃত্যুকূপ।’ প্রথম ম্যাচেই জার্মানির দলটি ২-০ গোলে হেরে বসে পিএসজির বিপক্ষে। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে গ্রুপের বাকি পাঁচ ম্যাচেই অপরাজিত (৩ জয়, ২ ড্র) থেকে অবিশ্বাস্যভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে নাম লেখায় এদিন তেরজিচের দল।
শেষ ষোলোয় পিএসভি আইন্দহোভেন, কোয়ার্টার-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বাধা টপকে সেমি-ফাইনালে উঠে আরেক বিস্ময় উপহার দেয় তারা। শেষ চারে পিএসজিকে দুই লেগেই হারিয়ে দেয় ১-০ গোলে। প্রথম ম্যাচের পর আসরে আর কেবল একবার হেরেছে তারা।
ডর্টমুন্ডের বিপক্ষে রেয়ালের কাজটা তাই মোটেও সহজ হবে না। অবশ্য কার্লো আনচেলত্তির দলকে এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখনও কেউ হারাতেই পারেনি। গ্রুপ পর্বে ৬ ম্যাচের সবগুলো জয়ের পর নকআউটে ৬ ম্যাচে অপরাজিত তারা।
যদিও সেমি-ফাইনাল থেকে বিদায়ের দুয়ারে চলে গিয়েছিল রেয়াল। বায়ার্নের মাঠে প্রথম লেগে ২-২ ড্রয়ের পর সান্তিয়াগো বের্নাবেউয়ে ৮৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল তারা। তবে পরের চার মিনিটের মধ্যে হোসেলুর দুই গোলে তারা জয়ের উল্লাসে মাতে।
এই প্রথম কোনো ম্যাচ না হেরে ইউরোপ সেরার প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে রেয়াল। স্পেনের দ্বিতীয় দল হিসেবে গোটা আসরে অপরাজিত থেকে ট্রফি জয়ের হাতছানি তাদের সামনে। ২০০৫-০৬ মৌসুমে এই কীর্তি গড়েছিল বার্সেলোনা।
পুরো মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়েই স্রেফ দুটি ম্যাচ হেরেছে রেয়াল, দুটিই নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। অথচ মৌসুমের শুরু থেকে চোটের কারণে একের পর এক ফুটবলার হারাতে হয় তাদের। অনেক ম্যাচেই কোচ আনচেলত্তিকে দল সাজাতে হয় জোড়াতালি দিয়ে।
তারপরও তারা লা লিগার শিরোপা পুনরুদ্ধার করে চার ম্যাচ হাতে রেখে। গত জানুয়ারিতে ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে ঘরে তোলে স্প্যানিশ সুপার কাপ শিরোপাও। এখন তাদের সামনে মৌসুমের সবচেয়ে বড় ট্রফি জয়ের সুযোগ।
চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে রেয়াল। আগের ১৪ বারের দেখায় রেয়ালের জয় ৬টি, ডর্টমুন্ডের ৩টি, ড্র হয় ৫টি ম্যাচ। সবশেষ ২০১৭-১৮ মৌসুমে গ্রুপ পর্বের লড়াইয়ে দুই ম্যাচেই জিতেছিল রেয়াল।
উয়েফার প্রতিযোগিতায় জার্মান দলগুলোর বিপক্ষে সবশেষ ২০ ম্যাচে রেয়াল হেরেছে স্রেফ একটি (১৩ জয়, ৬ ড্র)।
ফাইনালে ডর্টমুন্ডের জন্য বড় হুমকি হতে পারেন ভিনিসিউস জুনিয়র। এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল ও অ্যাসিস্ট সমান ৫টি করে। সেমি-ফাইনালের প্রথম লেগে বায়ার্নের বিপক্ষে তিনি করেন জোড়া গোল। ২০২২ সালের ফাইনালে লিভারপুলের বিপক্ষে দলের একমাত্র গোলটি করেছিলেন তিনিই। গত আসরে ৭ গোলের সঙ্গে তার অ্যাসিস্ট ছিল ৫টি।
চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই আসরে অন্তত ৫টি করে গোল ও অ্যাসিস্ট ভিনিসিউসের আগে করতে পেরেছেন কেবল লুইস ফিগো- ১৯৯৯-০০ মৌসুমে বার্সেলোনার হয়ে (৫ গোল, ৯ অ্যাসিস্ট) ও ২০০০-০১ মৌসুমে রেয়াল মাদ্রিদের হয়ে (৫ গোল, ৭ অ্যাসিস্ট)।
রেয়ালে অভিষেক মৌসুমে দারুণ ছন্দে নিজেকে মেলে ধরেছেন জুড বেলিংহ্যামও। লা লিগায় ১৯ গোল করে মৌসুম সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন এই ইংলিশ মিডফিল্ডার। এবার চ্যাম্পিয়ন্স লিগে তার গোল ও অ্যাসিস্ট সমান ৪টি করে। প্রথমবারের মতো তিনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে যাচ্ছেন, তার সাবেক ক্লাবের বিপক্ষে।
ভিনিসিউস-বেলিংহ্যামদের জন্য ডর্টমুন্ডের জমাট রক্ষণ ভাঙার কাজটা হয়তো কঠিনই হবে। গ্রুপ পর্বে মাত্র চারটি গোল হজম করে জার্মান দলটি। নকআউটে তারা জাল অক্ষত রাখে তিন ম্যাচে। তাদের রক্ষণের মূল ভরসা মাটস হুমেলস। এই জার্মান সেন্টার-ব্যাক আসরে দলের ১২ ম্যাচে প্রতিটি মিনিট খেলেছেন, পিএসজির বিপক্ষে শেষ চারের ফিরতি লেগে করেছেন মহামূল্যবান গোলও।
রেয়াল কোচ আনচেলত্তির জন্য কিছুটা দুর্ভাবনার হতে পারে লিগে তাদের শেষ দুই ম্যাচের পারফরম্যান্স। ভিয়ারেয়ালের বিপক্ষে ৪-৪ ড্রয়ের পর রেয়াল বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা।
ডর্টমুন্ডের দুর্ভাবনা অন্য জায়গায়। আসরে এখন পর্যন্ত তাদের ১২টি প্রচেষ্টা বাধা পেয়েছে পোস্ট আর ক্রসবারে। এর মধ্যে পিএসজির বিপক্ষে শেষ চারের দুই লেগ মিলিয়ে ৬ বার!
প্রতিপক্ষের গোলবার যিনি সামলাবেন, তার চ্যালেঞ্জও জিততে হবে ডর্টমুন্ডকে। ফাইনালে রেয়ালের শুরুর একাদশে থাকবেন অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া।
চোটের কারণে মৌসুমের বেশিরভাগ সময় বাইরে থাকা কোর্তোয়া সম্প্রতি মাঠে ফিরে লা লিগায় চারটি ম্যাচ খেলেছেন। সেখানে বেশ ভালোও করেছেন এই বেলজিয়ান তারকা। ২০২২ সালে রেয়ালের সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে তার ছিল বড় অবদান। ফাইনালে লিভারপুলের বিপক্ষে মোট ৯টি সেভ করেছিলেন তিনি।
এই ম্যাচ বিশেষ উপলক্ষ হতে যাচ্ছে দুজনের জন্য- টনি ক্রুস ও মার্কো রয়েস। রেয়ালের অনেক সাফল্যের নায়ক ক্রুস ম্যাচটি দিয়ে ক্লাবের হয়ে শেষবারের মতো মাঠে নামবেন, ডর্টমুন্ড অধ্যায়ের ইতি টানবেন আরেক জার্মান রয়েস।
২০১৩ সালে ক্রুস প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছিলেন ওয়েম্বলির ফাইনালে ডর্টমুন্ডের বিপক্ষে জিতে, বায়ার্নের হয়ে। ১১ বছর পর একই মাঠে, একই দলের বিপক্ষে নিজের শেষ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলার অপেক্ষায় ৩৪ বছর বয়সী তারকা। এবারও পাবেন ট্রফির স্বাদ?
