১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাছাইয়েই শেষ বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ

দুই গোল কম হজম করলেও বাছাই পেরুনোর সুযোগ ছিল পল স্মলির দলের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 08:19 PM

Updated : 10 Oct 2022, 08:28 PM

ইয়েমেনের বিপক্ষে চার গোল হজম করাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল বাংলাদেশের জন্য। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই থেকে ছিটকে গেল পল স্মলির দল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার ৪-০ গোলে হারে বাংলাদেশ। দুই গোল কম হজম করলেও বাছাই পেরুনোর সুযোগ ছিল তাদের।

১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা ছয় রানার্সআপ পাবে মূল পর্বে খেলার টিকেট। ‘ই’ গ্রুপে রানার্সআপ বাংলাদেশের সুযোগ ছিল সেরা ছয় রানার্সআপের একটি হয়ে মূল পর্বে খেলার।

‘আই’ গ্রুপে থেকে তিমুর-লেস্তে এবং ‘জে’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা নিজেদেরকে প্রত্যাহার করে নেওয়ায় বাইলজে আসে পরিবর্তন। পাঁচ ও চার দল নিয়ে হওয়া গ্রুপগুলোর সেরা তিন দলের মধ্যকার ফল বিবেচিত হয় সেরা ছয় রানার্সআপ নির্ধারণের ক্ষেত্রে।

সেক্ষেত্রে ‘ই’ গ্রুপে চতুর্থ হওয়া ভুটানের বিপক্ষে বাংলাদেশের ২-০ গোলের জয় বিবেচিত হয়নি। এর বাইরে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলের জয় এবং ইয়েমেনের কাছে হারের পর ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ স্মলির দল। গোল পার্থক্যের হিসেবও পিছিয়ে পড়ে বাংলাদেশ।

বাছাইয়ের ১০ গ্রুপের খেলা শেষে ছয় সেরা রানার্সআপ হয়ে মূল পর্বে ওঠা দলগুলোর পয়েন্টও বাংলাদেশের সমান ৩ করে। এই ছয় দলের মধ্যে সবশেষ দল হিসাবে সুযোগ পাওয়া লাওসের গোল পার্থক্য -২। অর্থাৎ ইয়েমেনের বিপক্ষে ৪ গোল হজম করে গোল পার্থক্যে পিছিয়ে পড়ায় স্বপ্ন ভাঙল বাংলাদেশের (-৩)।