২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থকদের আপত্তির মুখেই টিকেটের দাম বাড়াচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড

দলের পারফরম্যান্সে সমর্থকদের প্রত্যাশার প্রতিফলন না পড়লেও আগামী মৌসুম থেকে বাড়ছে টিকেটের দাম।

সমর্থকদের আপত্তির মুখেই টিকেটের দাম বাড়াচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড
সমর্থকদের জন্য হতাশার খবর জানাল ম্যানচেস্টার ইউনাইটেড। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2025, 11:01 AM

Updated : 26 Aug 2026, 12:03 PM

পারফরম্যান্সের দিক থেকে ক্লাবে চলছে একরকম ক্রান্তিকাল। জয়ের উল্লাসে মেতে ওঠার চেয়ে ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশেই বেশি ব্যস্ত থাকতে হচ্ছে সমর্র্থকদের। এর মধ্যেই তাদের জন্য আরেকটি হতাশার খবর জানাল ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী মৌসুম থেকে বাড়ানো হচ্ছে টিকেটের মূল্য।

২০২৫-২৬ মৌসুম থেকে ওল্ড ট্র্যাফোর্ডে মৌসুমি টিকেটের দাম বাড়ছে পাঁচ শতাংশ। ছেলেদের ম্যাচগুলিতে গড়ে টিকেটের দাম বাড়বে আড়াই পাউন্ড করে। 

অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের টিকেটের দাম অবশ্য বাড়ছে না। তবে প্রাপ্তবয়স্কদের টিকেটের নানা ক্যাটাগরিতে ছাড় বাদ দেওয়া হয়েছে। এছাড়াও ডাগআউটের কাছাকাছি গ্যালারির কিছু আসনকে হসপিটালিটি টিকেটে রূপ দেওয়া হচ্ছে আয় বাড়ানোর জন্য। 

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান নির্বাহী ওমার বেরাদা বলেছেন, সমর্থকদের চাওয়ার বাইরে গিয়ে তারা টিকেটের দাম বাড়াতে বাধ্য হয়েছেন ক্লাবের আর্থিক সঙ্কটের কারণে। 

“টানা ১১ মৌসুম টিকেটের দাম স্থির রাখার পর গত দুই মৌসুমে আমরা টিকেটের দাম পাঁচ শতাংশ হারে বাড়িয়েছি এবং আগামী মৌসুমেও এটা করতে চাই ক্লাবের ক্রমবর্ধমান পরিচলন খরচ পুষিয়ে নিতে।”

“আমরা জানি, যে কোনো ধরনের মূলবৃদ্ধিই অনাকাঙ্ক্ষিত, বিশেষ করে এমন একটা সময়ে, যখন মাঠের পারফরম্যান্সে প্রত্যাশার প্রতিফলন পড়ছে না। মূল্য স্থির রাখার পক্ষে সমর্থক পরামর্শক বোর্ডের শক্তিশালী যুক্তিও আমরা সতর্কভাবে বিবেচনা করেছি। তবে ক্লাবের মনে হয়েছে, ক্লাব যেখানে আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছে এবং খরচ বাড়ছে, সেখানে টিকেটের দাম অপরিবর্তিত রাখাটা ঠিক হবে না।”

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান এখন ত্রয়োদশ। এই মাসের শুরুতেই ক্লাবের স্বত্বাধিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে সমর্থকগোষ্ঠী।

ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার্স ট্রাস্ট গত জানুয়ারিতে ক্লাব কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিল টিকেটের মূল্য না বাড়াতে। শেষ পর্যন্ত দাম বাড়ানোর পর তারা বলছে, অনেকের শঙ্কার চেয়ে মূল্যবৃদ্ধির হার কম। তবে তারপরও হতাশা লুকায়নি তারা।

“কয়েক মাস ধরে আমরা দীর্ঘ ও শক্ত যুক্তি দেখিয়ে আসছি যে, ক্লাবের উচিত বৃহত্তর ছবিটা দেখা এবং পরের মৌসুমের জন্য টিকেটের মূল্য স্থির রাখা। অন্য ক্লাবগুলি এর মধ্যেই এটা করেছে এবং ইউনাটেডের উচিত ছিল, যে কঠিন অবস্থায় তারা নিজেদের দেখতে পাচ্ছে, এখান থেকে ক্লাবকে উদ্ধার করার সম্মিলিত প্রচেষ্টার জন্য শক্তিশালী কোনো বার্তা দেওয়া।”

গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছিল, খরচ কমানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তারা ১৫০-২০০ জন কর্মীকে চাকরিচ্যুত করতে যাচ্ছে। গত সপ্তাহে ক্লাবটি ঘোষণা করে, ১ লাখ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম তৈরি করবে তারা, যেটিতে খরচ পড়বে ২০০ কোটি পাউন্ড। বৃটেনের সবচেয়ে বড় স্টেডিয়াম হবে সেটি।

এই মুহূর্তে ক্লাবের মোট দেনা ১০০ কোটি পাউন্ডের বেশি।