২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনেক ভুলের’ ম্যাচে এক পয়েন্ট পেয়ে গোলকিপারের প্রতি কৃতজ্ঞ বার্সা কোচ

ছয়টি সেভ করে ম্যাচ সেরার স্বীকৃতি পান এই মৌসুমেই বার্সেলোনায় যোগ দেওয়া গোলকিপার হোয়ান গার্সিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 01:17 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

নির্ধারিত সময়ের শেষ মিনিটের খেলা চলছে তখন। রায়ো ভাইয়েকানোকে এগিয়ে দেওয়ার সুবর্ণ এক সুযোগ পেলেন সের্হিও কামেইয়ো। ডান পাশ থেকে ফ্রান পেরেসের শট কোনোরকমে ঠেকালেন হোয়ান গার্সিয়া। বল পেলেন সামনেই অরক্ষিত থাকা কামেইয়ো। কিন্তু ঠিকমতো শটই নিতে পারলেন না এই ফরোয়ার্ড। এবার বল ধরতে কোনো সমস্যাই হলো না বার্সেলোনার গোলকিপারের।

এখানে তেমন পরীক্ষায় পড়তে না হলেও ম্যাচজুড়ে বারবার চ্যালেঞ্জের মুখে পড়েন গার্সিয়া। একটি গোল হজম করা ছাড়া প্রতিবারই তিনি রক্ষা করেন দলকে। গোটা দলের ছন্নছাড়া পারফরম্যান্সের দিনে একটি পয়েন্ট পাওয়ায় এই গোলকিপারকে আলাদা করে অভিনন্দন জানান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

লা লিগায় রোববার রায়ো ভাইয়েকানোর মাঠে ১-১ গোলে ড্র করে মৌসুমে প্রথম পয়েন্ট হারায় বার্সেলোনা।

৪০তম মিনিটে যে পেনাল্টি গোলে বার্সেলোনাকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল, সেটিও জন্ম দেয় বিতর্কের। ওই মুহূর্তে ভিএআর কাজ করছিল না। ভিএআর সক্রিয় থাকলে হয়তো পেনাল্টির সিদ্ধান্ত বদলে যেত। এই ম্যাচের ভিএআর নিয়ে সমস্যার কথা অবশ্য আগেই দুই দলকে জানানো হয়েছিল।

সেই গোলের পরও হারতে পারত বার্সেলোনা, যদি গোলবারে এমন অসাধারণ পারফরম্যান্স মেলে না ধরতেন গার্সিয়া। এই মৌসুমেই দলে যোগ দেওয়া ২৪ বছর বয়সী গোলকিপার ছয়টি সেভ করে উদ্ধার করেন দলকে। এর মধ্যে দুটিতে প্রায় নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করেন তিনি দুর্দান্ত রিফ্লেক্স দেখিয়ে।

মার্ক-আন্ড্রে টের স্টেগেন ও ভয়চেখ স্ট্যান্সনি থাকার পরও কেন গার্সিয়াকে দলে এনেছে বার্সেলোনা, মৌসুমের শুরুতেই তা প্রমাণ করে যাচ্ছেন এই গোলকিপার। ম্যাচের পর ফ্লিক বললেন, গার্সিয়ার কারণেই একটি পয়েন্ট জুটেছে তাদের।

“হোয়ান (গার্সিয়া) আজকে অসাধারণ ম্যাচ খেলেছে এবং আমাদের এই একটি পয়েন্ট বাঁচিয়েছে। ম্যাচের পর তাকে শুভেচ্ছা জানিয়েছি আমি। সে যেভাবে ছুটছে, তা দারুণ।”

“বল নিয়ে তার প্রথম পাসও দারুণ। সত্যি বলতে, সে কোনো ভুলই করে না। বল নিয়ে যেমন সে আত্মবিশ্বাসী, তেমনি গোলবারেও একইরকম। তাকে দলে নেওয়া ছিল সঠিক সিদ্ধান্ত।”

গার্সিয়ার ভুল না পেলেও দলের সামগ্রিক পারফরম্যান্সে খুশি নন ফ্লিক।

“তাড়নার ঘাটতি ছিল আমাদের এবং ভুল ছিল প্রচুর। দল নিয়ে আমি মোটেও খুশি নই। রায়ো ভালো খেলেছে, তবে আমরা খুব সহজে বলের নিয়ন্ত্রণ হারিয়েছি এবং ওদের কাজ সহজ করে দিয়েছি। এখানে আমাদের উন্নতি করতে হবে।”

“অনেক বেশি ভুল, অনেক বেশি ত্রুটি ছিল এবং এজন্যই রায়ো ম্যাচে ফিরতে পেরেছে। আমাদের জন্য মোটেও ভালো ম্যাচ ছিল না। আরও অনেক অনেক ভালো করতে হবে আমাদের।”

বার্সেলোনার পরের ম্যাচ আন্তর্জাতিক বিরতির পর আগামী ১৪ সেপ্টেম্বর ভালেন্সিয়ার বিপক্ষে।