১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মারামারি’ করে শাস্তি পেলেন চুয়ামেনি ও ভালভের্দে

ফেদে ভালভের্দে অবশ্য মারামারির কথা অস্বীকার করেছেন, তবে শাস্তি এড়াতে পারেননি তারা।

‘মারামারি’ করে শাস্তি পেলেন চুয়ামেনি ও ভালভের্দে
অহেলিয়া চুয়ামেনি (বাঁয়ে) ও ফেদে ভালভের্দে। ছবি: মাদ্রিদ জোন এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2026, 11:23 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

ড্রেসিং রুমে ‘মারামারির’ জেরে শাস্তি পেলেন রেয়াল মাদ্রিদের অহেলিয়া চুয়ামেনি ও ফেদে ভালভার্দে। দুজনকেই পাঁচ লাখ ইউরো করে জরিমানা করা হয়েছে।

স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বুধবার অনুশীলনের সময় উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন ভালভের্দে ও চুয়ামেনি। সেই রেশ রয়ে যায় পরদিনের অনুশীলনেও। ড্রেসিং রুমে হাতাহাতি শুরু করে দেন এই দুজন। একপর্যায়ে নাকি চুয়ামেনি বিরক্ত হয়ে সজোরে ঘুষি মারেন ভালভের্দেকে। মাটিতে পড়ে যাওয়ার সময় একটি টেবিলের সঙ্গে ভালভের্দের মাথায় আঘাত লাগে এবং তাকে হাসপাতালে নিতে হয়।

পরে যদিও হাতাহাতির খবর অস্বীকার করে ভালভের্দে বলেন, ‘দুর্ঘটনাবশত একটি টেবিলে আঘাত করার’ ফলে কিছুটা আহত হন তিনি।

রেয়াল মাদ্রিদ শুক্রবার এক বিবৃতিতে জানায়, দুই খেলোয়াড়ই এই ঘটনার জন্য নিযুক্ত তদন্তকারীর সামনে হাজির হয়ে নিজেদের দায় স্বীকার করে নিয়েছেন।

“যা ঘটেছে, তার জন্য খেলোয়াড়রা গভীরভাবে অনুতপ্ত এবং একে অপরের কাছে ক্ষমা চেয়েছেন। এছাড়াও, তারা ক্লাব, সতীর্থ, কোচিং স্টাফ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এবং ক্লাব যে শাস্তিই উপযুক্ত মনে করুক না কেন, তা মেনে নিতে তারা দুজনেই প্রস্তুত বলে জানিয়েছে।”

আগের দিন রেয়াল জানিয়েছিল, ভালভের্দের মাথায় আঘাত লেগেছে এবং তিনি ১০ থেকে ১৪ দিন বিশ্রামে থাকবেন।

রেয়ালের টানা দ্বিতীয় মৌসুম শেষ হতে যাচ্ছে মেজর কোনো শিরোপা ছাড়াই। রোববার লা লিগায় বার্সেলোনার মুখোমুখি হবে তারা।