১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘চতুর’ স্পেনের খেলায় মুগ্ধ জানেত্তি

লুইস দে লা ফুয়েন্তের দল ফাইনালে ওঠায় একটুও বিস্মিত নন আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার হাভিয়ের জানেত্তি।

‘চতুর’ স্পেনের খেলায় মুগ্ধ জানেত্তি
বল পায়ে ছুটছেন লামিন ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 08:18 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

গতিময় ফ্রান্সকে কীভাবে অকেজো করে রাখল স্পেন, চারদিক চলছে এই আলোচনা। চলছে নানা বিশ্লেষণ। আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার হাভিয়ের জানেত্তির মনে হচ্ছে, ভীষণ চতুরতায় কৌশলের ফাঁদ ফেলেছিল স্পেন, সেখানে আটকে গেছে ফ্রান্স।

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। ডালাসের ম্যাচে কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, দেজিরে দুঁয়ে, মাইকেল ওলিসের মতো ক্ষিপ্র ও ধারাল ফরোয়ার্ডদের ভোঁতা করে রেখেছিল স্প্যানিশরা।

আসরে প্রথম ছয় ম্যাচে ১৬ গোল করে রীতিমতো উড়ছিল ফ্রান্স। আট গোল করা এমবাপে ও পাঁচ গোল করা দেম্বেলের উপস্থিতিতে, অনেকের চোখে স্পেনের বিপক্ষেও ফেভারিট ছিল ফরাসিরা। 

কিন্তু, দিদিয়ে দেশোঁর ছক ভেস্তে দিয়ে ফাইনালের মঞ্চে উঠে এসেছে স্পেনই। মিকেল ওইয়ারসাবাল দলকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পররো। তাতে দিশেহারা হয়ে পড়ে ফ্রান্স। 

মাঠে স্পেনের এমন দাপট দেখে অবশ্য মোটেও বিস্মিত নন জানেত্তি।

আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার হাভিয়ের জানেত্তি। ছবি: জানেত্তির ইনস্টাগ্রাম।

আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার হাভিয়ের জানেত্তি

“আমার কাছে, স্পেনের ফাইনালে ওঠা কোনো বিস্ময় নয়। দুর্দান্ত একটা দল, যারা ভালো ফুটবল খেলে এবং নিজেদের দর্শনের প্রতি বিশ্বস্ত থাকে। সবার চোখে ফ্রান্স ফেভারিট দল ছিল, কিন্তু আমি মনে করি, স্পেন খুবই বুদ্ধিদ্বীপ্ত ফুটবল খেলেছে।

“যখন তারা এগিয়ে যায়, তখন তাদের পা থেকে বল কেড়ে নেওয়া এবং তাদেরকে চাপ দেওয়া কঠিন হয়ে পড়ে। সময় গড়ানোর সঙ্গে ফ্রান্স মরিয়া হয়ে উঠেছিল। কেননা, যেভাবে তারা খেলতে চাইছিল, পারছিল না। স্পেন খুব চতুরতায় নিজেদের খেলার ছকে ফ্রান্সকে টেনে আনতে পেরেছিল।”

আটলান্টায়, ১৬ জুলাই ১টায় (এএম) দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে রোববার নিউ ইয়র্কে শিরোপা লড়াইয়ে নামবে স্পেন।