২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে চার গোল হজম করে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শাভি

রেয়াল মাদ্রিদের কাছে বাজেভাবে পরাজয়ের দায় নিচ্ছেন শাভি এর্নান্দেস, ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও জানালেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2024, 11:36 AM

Updated : 15 Jan 2024, 04:57 PM

ফাইনালে হারের যন্ত্রণা তো এমনিতেই একটু বেশি। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী দলের কাছে বিধ্বস্ত হলে তো কথাই নেই। বার্সেলোনা সমর্থকদের হৃদয়ের সেই দহন বুঝতে পারছেন শাভি এর্নান্দেস। রেয়াল মাদ্রিদের কাছে পরাজয়ের দায় নিয়ে তাই বারবার ক্ষমা প্রার্থনা করছেন বার্সেলোনা কোচ।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রোববার রেয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হেরে যায় বার্সেলোনা।

সৌদি আরবের রিয়াদে আল-আওয়াল পার্কে ম্যাচের ১০ মিনিটের মধ্যে বার্সেলোনার জালে দুই দফায় বল পাঠান ভিনিসিউস জুনিয়র। পরে গোলার মতো শটে ব্যবধান কমান রবের্ত লেভাদোভস্কি। তবে ভিনিসউস পেনাল্টি থেকে হ্যাটট্রিক করে প্রথমার্ধেই আবার দুই গোলের ব্যবধান গড়ে দেন। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান রদ্রিগো।

দ্বিতীয়ার্ধে দুই দলের পারফরম্যান্সের যে অবস্থা ছিল, তাতে আরও গোল হজম করতে পারত বার্সেলোনা। বিশেষ করে, ৭১তম মিনিটে রোনাল্দ আরাউহোর লাল কার্ডের পর যে আরও গোল হয়নি, এটাই বিস্ময়ের।

ম্যাচ শেষে মুভিস্টারের সঙ্গে কথোপকথনে শাভির কণ্ঠেও ছিল সেই আত্মসমর্পণ ও অসহায়ত্বের সুর। তার মতে, ভিনিসিউসের হ্যাটট্রিক ছোঁয়া গোলটির পরই আসলে ম্যাচের ভাগ্য গড়া হয়ে যায়।

“আমি হতাশ ও বিষন্ন। তবে ফুটবল এমনই এবং খেলাটির এই যন্ত্রণাময় দিকটির সঙ্গেও মানিয়ে নিতে হবে আমাদের।”

“খুবই বিব্রতকর হার এটি। অনেক আশা নিয়ে ফাইনালে মাঠে নেমেছিলাম আমরা, কিন্তু সবচেয়ে বাজে খেললাম এ দিনই। আমাদের শুরুটাই ছিল খারাপ। ঘুরে দাঁড়ানোর সুযোগ অবশ্য এসেছিল, তবে পেনাল্টি গোলটিই খেলা শেষ করে দেয়।”

সমর্থকদের প্রতি দায়বদ্ধতা থেকে উল্লেখযোগ্য কোনো ম্যাচ হারের পর নানা সময়ে আগেও ক্ষমা প্রার্থনা করেছেন শাভি। এবারও সেই পথ বেছে নিলেন বার্সেলোনা কোচ।

“ম্যাচে কখনোই খুব একটা স্বস্তিতে থাকতে পারিনি আমরা। পাল্টা আক্রমণে আমাদের অনেক ক্ষতি করে ফেলে রেয়াল মাদ্রিদ। সমর্থকদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী, আমরা লড়াই করতে পারিনি। তবে এই ক্লাবের হয়ে অনেক পরাজয়ের অভিজ্ঞতা তো আমার আছে। বার্সা ঘুরে দাঁড়াবে।”

শুধু একবার নয়, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বেশ কয়েকবারই ক্ষমা ও দুঃখপ্রকাশ করতে দেখা যায় শাভিকে। পরাজয়ের দায় নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও জানান বার্সেলোনা কোচ।

“সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করতেই হবে এখন এবং সমালোচনা যা আসবে, সেটিও নিতে প্রস্তুত আমি। ফাইনালে যে ধরনের পারফরম্যান্স করা উচিত, বিশেষ করে মাদ্রিদের বিপক্ষে, আমরা তা পারিনি। আমরা আমাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স করেছি সবচেয়ে বাজে জায়গাতেই এবং ট্রফি হারিয়েছি। সেই দায় আমার। সমালোচনা মাথা পেতে নিচ্ছি এবং আমরা কঠোর পরিশ্রম করে যাব।”

“এই পরাজয় মেনে নেওয়া কঠিন। তবে অতীতেও আমরা কঠিন হার থেকে অনেকবার ঘুরে দাঁড়িয়েছি এবং আবারও সম্ভাব্য সেরা পথে ঘুরে দাঁড়াব।”