ওসাসুনা ম্যাচ নিয়ে বিতর্ক থামেনি, বার্সা কোচ বললেন, ‘আমাদের হাতে নেই’
ওসব না ভেবে সামনের চ্যালেঞ্জ জয়ে মনোযোগ দিতে চান হান্সি ফ্লিক।
ওসাসুনার বিপক্ষে কাঙ্ক্ষিত জয় মিললেও, ওই তিন পয়েন্ট হারানোর শঙ্কায় আছে বার্সেলোনা। কারণ তারা ‘অযোগ্য’ খেলোয়াড় মাঠে নামিয়েছিল বলে অভিযোগ তুলেছে প্রতিপক্ষ দল। জিরোনা ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠল সেই প্রসঙ্গ। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক সমস্যার গভীরে না গিয়ে শুধু বললেন, ‘এখানে আমাদের কিছু করার নেই।’
পুরো সমস্যাটি ইনিগো মার্তিনেসকে ঘিরে। লা লিগায় গত বৃহস্পতিবার ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলে জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন এই স্প্যানিশ সেন্টার-ব্যাক।
এই মাসে উয়েফা নেশন্স লিগের দুই লেগের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের স্পেন দলে ডাক পেয়েছিলেন মার্তিনেস। কিন্তু হাঁটুর চোটের কারণে পরে দল থেকে ছিটকে পড়েন তিনি।
ফিফার নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়েন বা প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে আন্তর্জাতিক উইন্ডোর শেষ ম্যাচের পর পাঁচ দিন ক্লাবের হয়ে তিনি খেলতে পারবেন না, যদি না ফেডারেশন এই ক্ষেত্রে ওই খেলোয়াড়কে খেলার অনুমতি দেয়। এবারের আন্তর্জাতিক বিরতিতে স্পেনের শেষ ম্যাচ ছিল গত রোববার, ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার ম্যাচের চার দিন আগে।
এটাই সমস্যার কেন্দ্র। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে ওসাসুনা।
ওই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা, ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৩। দ্বিতীয় স্থানে রেয়াল মাদ্রিদের পয়েন্ট ৬০।
এখন ওসাসুনার অভিযোগের পক্ষে প্রমাণ মিললে ম্যাচটি থেকে বার্সেলোনার অর্জিত তিন পয়েন্টই কেটে নেওয়া হতে পারে। মৌসুমের শেষ ভাগে এসে শিরোপার হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলটির জন্য সেটা হতে পারে ভীষণ দুর্ভাবনার।
জিরোনার বিপক্ষে লড়াইয়ে নামার আগের দিন সেই প্রসঙ্গে ফ্লিক অবশ্য শান্ত থাকার কথাই বললেন।
“আমার মনে হয় সব দলই এমন সমস্যার মধ্যে দিয়ে যায়। এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না। আমি জানি না। বিষয়টা আসলে এমনই। আমরা তিন পয়েন্ট অর্জন করেছি এবং বাকি সবকিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে।”
লা লিগায় আসছে ম্যাচটি ঘরের মাঠে খেলবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রোববার রাত সোয়া আটটায় শুরু হবে ম্যাচটি।
