আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, লিওনেল মেসির অবসরে যাওয়ায় নেতৃত্ব পাচ্ছেন অভিজ্ঞ ডিফেন্ডার।
ভক্তরা যখন মহানায়ক লিওনেল মেসির বিদায়ের প্রস্তুতি শুরু করেছেন, সে সময় আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অধিনায়ক হচ্ছেন অভিজ্ঞ ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।
বেনিনের বিপক্ষে ৬ অক্টোবরের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি। আর্জেন্টিনার অনুশীলন কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, ওই ম্যাচের পর অধিনায়কের আর্মব্যান্ড পাবেন রোমেরো।
“অধিনায়ক হবে কুতি (রোমেরো)। লিও ও ওতার (নিকোলাস ওতামেন্দির) পর সে এখন তৃতীয় অধিনায়ক। এছাড়া এমিলিয়ানো (মার্তিনেস) আছে, সে এই আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগো (দে পল) প্রথম দুই ম্যাচে খেলবে না, সেও এটা পরতে পারে। লাউতারো (মার্তিনেস) এটা পরতে পারে। কুতি সঠিক ব্যক্তি।”
আতলেতিকো মাদ্রিদ ডিফেন্ডার রোমেরো যে নতুন অধিনায়ক হবেন, গত কিছু দিন ধরেই সে আলোচনা চলছিল আর্জেন্টিনার ফুটবলে। সেটাই এবার নিশ্চিত হলো স্কালোনির ঘোষণায়। তিনি আত্মবিশ্বাসী, ২৮ বছর বয়সী সেন্টার ব্যাক রক্ষণ সামলানোর পাশাপাশি দলকে নেতৃত্ব দিতে ও নির্দেশনা দিতে পারবে।
এরই মধ্যে তিনটি ম্যাচে আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিয়েছেন রোমেরো। গত বছর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ১-০ ব্যবধানের জয়ে প্রথম আর্মব্যান্ড পরেন তিনি। পরে অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে ও চলতি বছর বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষে অধিনায়কত্ব করেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
