Published : 20 Mar 2024, 07:24 PM
ষষ্ঠ মিনিটে এগিয়ে গিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিল অ্যাজাক্স এসসি। ম্যাচ জুড়ে তারা মেরিনার ইয়াংসের চোখে চোখ রেখে লড়াই করল, কিন্তু শেষ পর্যন্ত পারল না প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শিরোপাধারীদের জয়রথ আটকাতে।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার ৭ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৪-৩ গোলে জিতেছে মেরিনার্স। চলতি লিগে টানা চতুর্থ জয় পেল দলটি।
ষষ্ঠ মিনিটে ভারতের খেলোয়াড় দীপকের ফিল্ড গোলে এগিয়ে যায় অ্যাজাক্স। পিছিয়ে পড়া মেরিনার্স আক্রমণাত্মক হকি খেলে ঘুরে দাঁড়িয়ে ১২ মিনিটের মধ্যে চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মুঠোয়।
একাদশ মিনিটে মঈনুল ইসলাম কৌশিকের ফিল্ড গোলে সমতায় ফেরার পর অজয় ইয়াদভের লক্ষ্যভেদে এগিয়ে যায় মেরিনার্স। এরপর দীপক ও সোহানুর রহমান সবুজের গোলে স্কোরলাইন ৪-১ করে তারা।
দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে লিশাম সিলহেইবার হিট ঠিকানা খুঁজে পেলে ম্যাচে ফেরার উপলক্ষ পায় অ্যাজাক্স। ৫৯তম মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলে ব্যবধান আরও কমিয়ে লড়াই জমিয়ে তোলে তারা। কিন্তু, ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। বাকি এক মিনিট পার করে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মেরিনার্স।