২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সায় ফেরা নিয়ে মেসির সঙ্গে নিয়মিতই কথা চলছে শাভির

মেসির জন্য বার্সেলোনার দুয়ার খোলা, এটা জানিয়ে শাভি এর্নান্দেস বলছেন, সবকিছু নির্ভর করছে এখন মেসির ওপরই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2023, 12:18 PM

Updated : 30 May 2023, 02:38 PM

লিওনেল মেসি বার্সেলোনায় ফিরলে এখনও দারুণভাবে কার্যকর হবে বলেই বিশ্বাস শাভি এর্নান্দেসের। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তাকেও তা জানিয়ে দিয়েছেন স্পষ্ট করেই। বার্সেলোনা কোচ এটাও জানালেন, ফেরার সম্ভাবনা নিয়ে মেসির সঙ্গে তার আলোচনাও চলছে নিয়মিত। সবকিছুই এখন নির্ভর করছে আর্জেন্টাইন এই মহাতারকার নিজের সিদ্ধান্তের ওপর। 

মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। পিএসজিতে তার চুক্তি শেষ এই মৌসুম দিয়ে। ফ্রান্সে তিনি আর থাকছেন না, তা অনেকটাই নিশ্চিত। 

তবে তিনি বার্সেলোনায় ফিরলেও আগের চেহারায় ফিরতে পারবেন কি না, এই আলোচনাও আছে। আগামী মাসেই তার বয়স পূর্ণ হবে ৩৬। দিয়ারিও স্পোর্তকে শাভি বললেন, মেসি ফিরলে বার্সেলোনা দারুণভাবে উপকৃত হবে বলেই মনে করেন তিনি। 

“এখানে মাঠের ফুটবলের দায়িত্ব তো আমার। ফুটবলের দিক থেকে যতটা বুঝি, এটা নিয়ে কোনো সংশয়ই নেই যে মেসি এখানে ফিরলে আমাদের জন্য তা দারুণ সহায়ক হবে। ক্লাব সভাপতিকেও এটা বলে দিয়েছি আমি।” 

“আমার বিন্দুমাত্র সন্দেহও নেই তাকে নিয়ে। কারণ এখনও সে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে, এখনও দারুণ ক্ষুধার্ত, সে জাত বিজয়ী এবং সে নেতা।” 

বার্সেলোনায় ফেরা নিয়ে মেসির সঙ্গে নিয়মিত যোগাযোগের কথাও জানালেন শাভি। তবে এটিও বললেন, মেসি চলে যাওয়ার ধাক্কা সামলে অনেকটাই গুছিয়ে নিয়েছে ক্লাব।

“হ্যাঁ, তার সঙ্গে আমার কথা চলছে। এটা ঠিক যে, মেসির বিদায়ের পর আমরা এবার লিগ জিতেছি এবং তা অসাধারণ। আমাদের অনেকের মধ্যে একটা ভয় ছিল যে, লিও চলে গেলে আমরা কী করব! আমরা মনে হয়, সেই জবাব মিলেছে, বার্সা টিকে গেছে।” 

“আমার মনে হয়, দলটাকে আমরা খুব ভালোভাবে পুনর্গঠন করতে পেরেছি। এই ক্লাবের ইতিহাসের ও বিশ্বের ইতিহাসের সেরা ফুটবলারকে ছাড়া এবার লিগ এবং সুপার কাপ জয় করতে পারা দারুণ কৃতিত্বের ব্যাপার।” 

তবে মেসি ফিরলে যে বার্সেলোনা আরও উজ্জীবিত হবে এবং সেই সোনালি সময় ফিরিয়ে আনার পথে ক্লাব আরও এগিয়ে যাবে, তা নিয়ে সংশয় নেই শাভির। মাঠে অনেক ভূমিকাতেই তাকে কাজে লাগানো যাবে বলে মনে করেন বার্সেলোনা কোচ। 

“২০১০ সালের যেমন ছিল, তেমন প্রতিভাবান স্কোয়াডের ধারেকাছে নেই এখন আমরা। উদাহরণ দিয়ে যদি বলি, মেসি এই দলে কী যোগ করতে পারবে? সে অসাধারণ প্রতিভা যোগ করবে, শেষ পাসটি নিখুঁত দেবে, সেট পিসগুলোয় কার্যকর হবে, অনেক গোল করবে। মাঠের ফাইনাল থার্ডে সে ভিন্ন এক ফুটবলার। আমি ও আমার স্টাফরা দলকে যেভাবে খেলাতে চাই, কোনো সংশয়ই নেই যে সেখানে সে অনেক অবদান রাখবে।” 

“লিও অনেক পজিশনেই খেলতে পারে। ফলস নাইন, উইঙ্গার হিসেবে, মিডফিল্ডে, এমনকি মিডফিল্ডের মাঝেও খেলতে পারে। তার সেই সামর্থ্য আছে। হয়তো তার আগের সেই বিস্ফোরক রূপ নেই, তবে বিশ্বকাপেই আমরা দেখেছি, সে কতটা অসাধারণ। শীর্ষ পর্যায়ে তার আরও অনেক বছর বাকি আছে এখনও।” 

ফেরার ব্যাপারে মেসির সংশয় কোথায় থাকতে পারে, তা নিশ্চিত করে জানেন না বলেই দাবি করলেন শাভি। মানসিক বাধার দু-একটি দিক অবশ্য অনুমান করলেন তিনি। 

“যে সবকিছুই জিতে ফেলেছে, এমন একজন ফুটবলারের দৃষ্টিকোণ থেকে কিছু চিন্তা করা কঠিন। আমি নিশ্চিত নই, তার মনের মধ্যে কোন ধরনের সংশয় থাকতে পারে। হতে পারে যে, ক্লাবের এখনকার বাস্তবতা ভিন্ন। গুরুত্বপূর্ণ যে ফুটবলারদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, বুসি (বুসকেতস) ও জর্দি (আলবা) চলে যাচ্ছে। আসলে জানি না… তার ভাবনা আমার পক্ষে জানা সম্ভব নয়।” 

মেসিকে ফেরানোর ব্যাপারে কিছুটা আর্থিক জটিলতা অবশ্য এখনও আছে বার্সেলোনার। তবে সের্হিও বুসকেতস ও জর্দি আলবার ক্লাব ছাড়ার ঘোষণায় পরিস্থিতির অনেকটা অগ্রগতি হয়েছে। দুজনেরই পারিশ্রমিক ছিল মোটা অঙ্কের। এখন আর্থিক জটিলতা কোনো বাধা হবে না বলেই মনে করেন শাভি। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, বল এখন মেসির কোর্টেই। 

“তার সঙ্গে আমার যে সম্পর্ক, তাকে সবকিছুই পরিষ্কার করে বুঝিয়েছি। তার জন্য দুয়ার খোলা। এখন তার ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। এখন অনেকটাই নির্ভর করছে তার ওপর। আমার মনে হয়, দিনশেষে লিও যা সিদ্ধান্ত নেবে, তা-ই হবে। কোনো সংশয় নেই।”