২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের 'ভূত' তাড়িয়ে খুশি বার্সা কোচ

পোর্তোকে তাদেরই মাঠে হারিয়ে উচ্ছ্বসিত শাভি এর্নান্দেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 04:13 PM

Updated : 05 Oct 2023, 04:15 PM

লা লিগার শিরোপাধারী হলেও চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা কেমন করবে, তা নিয়ে ফিসফাস ছিল বেশ। কারণ গত দুই মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে গ্রুপ পর্বের গণ্ডিই পার করতে পারেনি তারা। তবে এবার শুরুটা ভালো হয়েছে কাতালান ক্লাবটির; দুই ম্যাচের দুটিতেই জয় তুলে নিয়েছে দলটি। সবশেষ পোর্তোকে হারিয়ে বাড়তি স্বস্তি পাচ্ছেন কোচ শাভি এর্নান্দেস।

‘এইচ’ গ্রুপের ম্যাচে বুধবার রাতে পোর্তোর মাঠে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধের যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তরেস।

দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে বার্সেলোনা।

সবশেষ দুই মৌসুমের বাজে অভিজ্ঞতার কারণে পোর্তো ম্যাচের আগে কিছুটা হলেও চাপে ছিল বার্সেলোনা। গত দুই মৌসুমে গ্রুপ পর্বে বাদ পড়ার পাশাপাশি প্রতিপক্ষের মাঠে তাদের পারফরম্যান্স ছিল বেশ বাজে।

পোর্তোর বিপক্ষেও জয়টা সহজে ধরা দেয়নি বার্সেলোনার। দ্বিতীয়ার্ধে পর্তুগালের ক্লাবটির একটি পেনাল্টির সিদ্ধান্ত ভিএআর দেখে পরিবর্তন করা হয়। এরপর একবার তারা বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

সব মিলিয়ে শাভির কাছে এই জয় তাই বিশেষ কিছুই। ম্যাচের পর সাবেক স্প্যানিশ মিডফিল্ডার বলেন, যেভাবেই হোক, এই ম্যাচে তিন পয়েন্ট জেতাটাই মুখ্য ছিল তাদের কাছে।

“ম্যাচের আগে (চ্যাম্পিয়ন্স লিগের) ভূত নিয়ে আলোচনা ছিল এবং আমরা নিজেদেরকে সেটা থেকে কিছুটা মুক্ত করতে পেরেছি। একটি বড় ইউরোপিয়ান দলকে তাদের মাঠে হারিয়েছি।”

“আমরা হয়তো কঠিন লড়াইয়ে জিততে শিখেছি। আমরা বিশ্বের সবচেয়ে কঠিন ক্লাবে আছি। ১-০ গোলে জিতেছি এবং আমরা আগামীর ভাবনায় সতর্ক। চ্যাম্পিয়ন্স লিগ এমনই। আমরা একটি ম্যাচ জিতেছি এবং এটাই যথেষ্ট নয়।”

ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন বার্সেলোনা স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি। শাভি জানিয়েছেন, অ্যাঙ্কেলে চোট পেয়েছেন এই পোলিশ তারকা। তবে পরের ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ।
বার্সেলোনার পরবর্তী ম্যাচ লা লিগায় আগামী রোববার, গ্রানাদার বিপক্ষে।