‘ঘরের মাঠে বাংলাদেশ ভিন্ন দল’, বললেন অস্ট্রেলিয়া কোচ
কিংস অ্যারেনায় স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গে অস্ট্রেলিয়া কোচ বললেন, আর্জেন্টিনার বিপক্ষে কাতার বিশ্বকাপে খেলা ম্যাচের কথাও।
প্রতিপক্ষের মাঠে, তাদের সমর্থকদের সামনে খেলা, কন্ডিশনও অচেনা; তবে এসব নিয়ে খুব একটা ভাবছেন না অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড। না ভাবার কারণ প্রসঙ্গে টেনে আনলেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে প্রতিকূল পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা। অবশ্য প্রতিপক্ষকে কিছুটা সমীহও করছেন তিনি। কেননা তার মতে, নিজেদের মাঠে বাংলাদেশ ভিন্ন একটি দল।
২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ে ‘আই’ গ্রুপে বাংলাদেশ এ পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে। অন্যটিতে করেছে ড্র; লেবাননের বিপক্ষে এবং সেটা নিজেদের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায়। এ মাঠেই বৃহস্পতিবার ফিরতি লেগে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
চার ম্যাচের সবগুলো জিতে গ্রুপ টেবিলে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া বাছাইয়ের দ্বিতীয় ধাপে যাত্রা শুরু করেছিল মেলবোর্নে বাংলাদেশকে ৭-০ গোলে উড়িয়ে। এবার ঘরের মাঠে খেলার অপেক্ষায় বাংলাদেশকে যদিও আর্নল্ড সমীহ করলেন কিছুটা, তবে আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েও দিলেন, সব পরিস্থিতিতে মানিয়ে নিতে সক্ষম তার দল।
“দেখুন, আপনারা যে বিষয়টি নিয়ে কথা বলছেন…আমরা বাংলাদেশকে জানি। যখন তারা ঘরের মাঠে খেলে, তখন তারা ভিন্ন একটা দল। হ্যাঁ, গত বছর নভেম্বরে মেলবোর্নে আমরা তাদেরকে ৭-০ গোলে হারিয়েছিলাম, কিন্তু সেটা এখন অতীত। আগামীকাল ভিন্ন একটি ম্যাচ এবং আমাদের নিশ্চিত করতে হবে যে, প্রতিপক্ষের অনেক সমর্থকদের সামনে আমার ছেলেরা যেন মানসিকভাবে ম্যাচের জন্য প্রস্তুত থাকে।”
“আমাদের একটা মান আছে এবং এটা আমি যখন বলি, সব খেলোয়াড়রা সেটা বোঝে যে, আমরা কার বিপক্ষে খেলছি, সেটা কোনো বিষয় নয়। যখন আপনি অস্ট্রেলিয়ার জার্সি পরবেন, তখন ম্যাচ জয়ের জন্য সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে খেলবেন।”
ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলা নিয়ে যেখানে বাংলাদেশ কোচ ও খেলোয়াড়দের কণ্ঠে আত্মবিশ্বাসের স্ফুরণ, সেখানে আর্নল্ড দিলেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে তাদের লড়াইয়ের উদাহরণ।
“আমরা এশিয়ান কাপ ও বিশ্বকাপ খেলেছি কঠিন কন্ডিশনে এবং ৬০ থেকে ৭০ হাজার দর্শক যেখানে আমাদের বিপক্ষে ছিল। আপনি জানেন…আমাদের বিপক্ষে ছিল আর্জেন্টিনার ৯৫ হাজার সমর্থক! তো এই ছেলেদের সেই শক্ত মানসিকতা আছে।”
“আমি বেশ নিশ্চিত, এখানে হয়ত ১৫ বা ১৬ হাজার বাংলাদেশি সমর্থকের সামনে খেলব এবং আমরা এটার সাথে অভ্যস্ত। এর কোনো প্রভাব আমাদের ওপর পড়বে না।”
