মেসি-সুয়ারেসের গোল, তবু জিততে পারেনি মায়ামি
সেন্ট লুইসের বিপক্ষে ৩-৩ ড্রয়ে জোড়া অ্যাসিস্টের পর একটি গোল করেন জর্দি আলবা।
পরপর দুই ম্যাচে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। স্কোর শিটে নাম তুললেন লুইস সুয়ারেসও। দুই সতীর্থের গোলে অ্যাসিস্টের পর জর্দি আলবা নিজেও বল পাঠালেন জালে। তবু জিততে পারল না ইন্টার মায়ামি। সেন্ট লুইস সিটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হলো তাদের।
মেজর লিগ সকারের ম্যাচে বাংলাদেশ সময় শনিবার ভোরে ঘরের মাঠে সেন্ট লুইসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে ইন্টার মায়ামি।
দুই দলই প্রথমার্ধে করে দুটি করে গোল। দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেসের আত্মঘাতী গোলে ফের এগিয়ে যান সেইন্ট লুইস। শেষ দিকে আলবার গোলে সমতা ফেরায় স্বাগতিকরা।
এরপরও অবশ্য গোলের অন্তত গোটা তিনেক সুযোগ তৈরি করে মায়ামি। কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারেননি মার্সেলো উইগান্ট, সুয়ারেসরা।
সব মিলিয়ে ম্যাচে দাপট দেখায় মায়ামিই। ম্যাচের ৬৯ শতাংশ সময় বল ছিল তাদের কাছেই। গোলের জন্য ১৯টি শট করে লক্ষ্যে রাখে ১০টি। কিন্তু তিনবারের বেশি বল জালে ঢুকতে দেননি সেইন্ট লুইস গোলরক্ষক রোমান বুর্কি।
ম্যাচের প্রথম গোলটি করে সেন্ট লুইসই। ১৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে মায়ামি গোলরক্ষক ড্রেইক ক্যালেন্ডারকে পরাস্ত করেন ক্রিস ডার্কিন।
দশ মিনিট পর সমতা ফেরান মেসি। মাঝমাঠ থেকে ড্রিবলিং করে এগিয়ে বক্সের কাছে গিয়ে বাম প্রান্তে আলবাকে পাস দেন তিনি। ফিরতি পাস পেয়ে বাঁকানো শটে চলতি লিগে নিজের দ্বাদশ গোল করেন আটবারের ব্যালন দ’র জয়ী।
আট মিনিট পর আলবার আরেকটি পাসে প্রায় একই জায়গা থেকে প্লেসিং শট নেন মেসি। এবার বাম দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বুরকি। ৪০তম মিনিটে ইন্দিয়ানা ভাসিলেবের গোলে ফের এগিয়ে যায় সেন্ট লুইস।
বিরতিতে যাওয়ার আগেই সমতা ফেরান সুয়ারেস। এবার আলবাকে পাস দিয়ে বক্সে ঢোকেন মেসি। কিছুটা এগিয়ে গিয়ে দুরের পোস্টে সুয়ারেসের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন আলবা। নিখুঁত টোকায় লিগে নিজের দ্বাদশ গোল করেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার।
৬৮তম মিনিটের সময় ঘটে বিপদ। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করার চেষ্টায় উল্টো নিজেদের জালে পাঠিয়ে দেন সুয়ারেস। এরপর সমতা ফেরাতে মরিয়া মায়ামি একের পর এক আক্রমণে করতে থাকে।
৮৫তম মিনিটে হুলিয়ান গ্রেসের থ্রু পাস ধরে বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে মায়ামির তৃতীয় গোলটি করেন আলবা। শুরুতে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। তবে ভিএআরে রিপ্লে দেখে গোলের সিদ্ধান্ত জানান রেফারি।
এই ড্রয়ের পরও অবশ্য মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষেই আছে মায়ামি। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি। ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ওয়েস্টার্ন কনফারেন্সে ১১ নম্বরে সেন্ট লুইস।
