২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নকআউট পর্বে জ্বলে উঠবে আক্রমণভাগ, আশায় ফ্রান্স

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এবারের আসরে নিজেদের রক্ষণে দৃঢ়তা নিয়ে তুষ্টির কথাও জানিয়েছেন ডিফেন্ডার উইলিয়াম সালিবা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2024, 08:30 AM

Updated : 10 Sep 2026, 12:09 PM

চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘ওপেন প্লে’-তে এখনও গোলই পায়নি ফ্রান্সের খেলোয়াড়রা! এ নিয়ে দুঃখ আড়াল করেননি দলটির কোচ দিদিয়ে দেশম। তবে, ডিফেন্ডার উইলিয়াম সালিবার আশা, নকআউট পর্বে তার সতীর্থ ফরোয়ার্ডরা ছড়াবেন আলো, দলকে দেখাবেন এগিয়ে যাওয়ার পথ।

আক্রমণভাগের বিবর্ণতা সত্ত্বেও ‘ডি’ গ্রুপের রানার্সআপ হিসেবে ইউরোর নকআউট পর্বে উঠেছে ফ্রান্স। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী সোমবার তারা মুখোমুখি হবে বেলজিয়ামের।

গোল-খরা ফ্রান্সের আক্রমণভাগের পিছু নিয়েছে ইউরোর আগে থেকে। জার্মানিতে নোঙর ফেলার আগে কানাডার বিপক্ষে খেলা প্রস্তুতি ম্যাচেও সরাসরি আক্রমণ থেকে গোল পায়নি তারা; ওপেন-প্লেতে ইউরোর গত তিন ম্যাচেও পায়নি জালের দেখা।

অস্ট্রিয়ার বিপক্ষে ফরাসিরা জিতেছিল প্রতিপক্ষের আত্মঘাতী গোলে, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি হয় গোলশূন্য ড্র। সবশেষ, পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে কিলিয়ান এমবাপে লক্ষ্যভেদ করেন, তবে সেটি পেনাল্টি থেকে।

ব্যর্থতার কোঠরে বন্দী ফরোয়ার্ড লাইনআপ নিয়ে সমালোচনা হচ্ছে, তবে সালিবা মনে করেন, ফুটবলে এমনটা হতেই পারে। এমবাপে-গ্রিজমানরা নকআউট পর্বে আঁধার ফুঁড়ে আলোয় বেরিয়ে আসবেন বলে আশা তার।

“এটা সত্যি যে, আমরা গ্রুপ পর্বে অনেক গোল করিনি। যখন গোল করতে পারবেন না, তখন মনোযোগী হতে হবে।”

“শীর্ষ পর্যায়ে খেললে এমন হতেই পারে। তবে, আমার কোনো সন্দেহ নেই যে, শেষ ষোলোতে আক্রমণভাগের খেলোয়াড়রা সাড়া দেবে এবং তারা গোল পাবে।”

সেট-পিসেও ফরাসিরা পারছে না ভালো করতে। এই পরিস্থিতিতে নিজের আরও ভালো করা প্রয়োজন বলে মনে করেন আর্সেনালের সেন্টার-ব্যাক সালিবা।

“এটা পরিস্কার যে, সেট-পিসে আমাদের আরও বিপজ্জনক হতে হবে, বিশেষ করে আমাকে। আমার মনে হয়, আমি একটা সেট-পিসেও বল স্পর্শ করতে পারিনি। তাই এই দিকটায় আরও ভালো করতে পারি আমি।”

গোল না পেলেও বেশি গোল গ্রুপ পর্বে হজমও করেনি ফ্রান্স। একমাত্র গোলটি তারা খেয়েছে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে, রবের্ত লেভানদোভস্কির পেনাল্টি থেকে। সালিবা তাই রক্ষণের দৃঢ়তায় খুশি।

“ব্যক্তিগতভাবে আমি খুশি। একজন ডিফেন্ডার হিসেবে যখন অনেক গোল খাবেন না, তখন ভালো লাগবে। (গোলরক্ষক) মাইক মিয়াঁ আমাদের অনেক বাঁচিয়েছে। রক্ষণে আমরা ভালো করছি। তবে, সবসময় আরও ভালো করতে পারি আমরা।”