২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের কাঁটা সরাতে তৈরি মার্তিনেস

এবারের কোপা আমেরিকা দিয়ে যন্ত্রণার উপশম চান দেশের হয়ে সবশেষ ৪ ম‍্যাচে ৬ গোল করা এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2024, 11:24 AM

Updated : 26 Aug 2026, 09:53 AM

সেরি আয় ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানো লাউতারো মার্তিনেস ছন্দ ধরে রেখে এবার আলো ছড়াচ্ছেন কোপা আমেরিকায়। গ্রুপ পর্বে আর্জেন্টিনার তিন জয়ে বড় অবদান রেখে এই স্ট্রাইকার বলছেন, তিনি উপশম চাচ্ছেন এক যন্ত্রণার, সরাতে চাচ্ছেন ২০২২ বিশ্বকাপের কাঁটা। প্রথম তিন ম্যাচে চার গোল করে সেই পথে মার্তিনেসের যাত্রার শুরুটা হয়েছে দারুণ। 

আর্জেন্টিনার প্রথম পছন্দের স্ট্রাইকার হিসেবে ২০২২ সালে কাতার বিশ্বকাপে গিয়েছিলেন মার্তিনেস। প্রথম ম‍্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর জায়গা হারান শুরুর একাদশে। বদলি হিসেবে নিয়মিতই খেলেন কিন্তু প্রভাব রাখতে পারেন সামান‍্য। বরং বড় সুযোগ নষ্ট করায় বেশ সমালোচনার মুখেই পড়েন তিনি। 

এবার কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার খেলা দুটি প্রীতি ম‍্যাচের প্রথমটিতে একুয়েডরের বিপক্ষে জালের দেখা পাননি মার্তিনেস। পরের ম‍্যাচে লিওনেল মেসি পেনাল্টি না নেওয়ায় সুযোগ পান তিনি। সফল স্পট কিকে জালের দেখা পাওয়ার পর করেন আরেকটি গোল। 

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম‍্যাচে বদলি নেমে ৮৮তম মিনিটে জালের দেখা পান মার্তিনেস। কানাডাকে ২-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করে আর্জেন্টিনা। পরের ম‍্যাচেও সেই একই সময়ে ২৬ বছর বয়সী স্ট্রাইকারের গোলে চিলিকে ১-০ ব‍্যবধানে হারায় শিরোপাধারীরা।

আগেই কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় পেরুর বিপক্ষে হুলিয়ান আলভারেসের জায়গায় শুরুর একাদশে সুযোগ পান মার্তিনেস। বাংলাদেশ সময় রোববার সকালের এই ম‍্যাচে ২-০ ব‍্যবধানের জয়ে দুটি গোলই করেন তিনি। 

চলতি আসরে ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষে এখন মার্তিনেস। সব মিলিয়ে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তার গোল হলো ৯টি। ২০১৯ আসর থেকে যা কোনো ফুটবলারের সর্বোচ্চ। এই সময়ে পাঁচটি করে গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি ও কলম্বিয়ার লুইস দিয়াস।   

ম‍্যাচ শেষে টিওয়াসি স্পোর্টসকে মার্তিনেস বলেন, বিশ্বকাপের সেই কঠিন সময় এই কোপা আমেরিকা দিয়ে ভুলতে চান তিনি।

“আমি মনে করি, বিশ্বকাপের কাঁটা সরাতে আমি তৈরি। কোপা আমেরিকার জন‍্য ভালোভাবে প্রস্তুত হওয়া আমার জন‍্য গুরুত্বপূর্ণ ছিল। যা আমি করেছি আর তা আমি দেখাচ্ছিও।” 

“আমি ভালো আছি। চিলির বিপক্ষে ম‍্যাচ শেষে যেমন বলেছিলাম, ক্লাবের হয়ে আমার দারুণ একটা মৌসুম কেটেছে। আমি ভালো অনুভব করছি।”

ইন্টার মিলানের সেরি আ শিরোপা জেতায় সামনে থেকে নেতৃত্ব দেন মার্তিনেস। ৩৩ ম‍্যাচ খেলে করেন সর্বোচ্চ ২৪ গোল, জেতেন মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার। 

গোল নিয়ে একটু ভুগছিলেন জাতীয় দলে। এই ভোগান্তিও দূর হয়ে গেছে সবশেষ ৪ ম‍্যাচে দেশের হয়ে ৬ গোল করায়। নিজে জালের দেখা পাওয়া আর দলের জয়- দুইয়ে মিলে মার্তিনেসের মনে এখন খুশির জোয়ার।

“গ্রুপ পর্যায়ে তিন ম‍্যাচে গোল করতে পারলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব‍্যাপার দলকে সাহায‍্য করতে পারলাম তাই আমি খুশি।”

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা দল হিসেবে শেষ আটে খেলবে আর্জেন্টিনা। অন্যান্য গ্রুপের খেলা শেষ না হওয়ায় কোয়ার্টার-ফাইনালে এখনও তাদের প্রতিপক্ষ ঠিক হয়নি।