২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2024, 06:21 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে হত্যার দায়ের যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে কুমিল্লার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোজিনা খান এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের এপিপি মো. নুরুল ইসলাম জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. জামাল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের সিরু মিয়ার ছেলে। 

পেশায় রিকশাচালক জামাল রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন।

মামলার নথির বরাত এপিপি নুরুল ইসলাম জানান, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে জামাল হোসেন নিজ ঘরে স্ত্রী মোছাম্মদ মলেকা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। পরে রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যান জামাল। 

মৃত্যুর খবর পেয়ে মালেকা বেগমের বাবার বাড়ির স্বজনরা ঘটনাস্থলে যান। পরে চান্দিনা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বড়ভাই কুমিল্লা দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে খোরশেদ আলম বাদী হয়ে জামাল হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়। 

ঘটনার ৩ দিন পর আসামি জামাল হোসেনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। সেখানে তিনি তার স্ত্রীকে নিজেই হত্যা করেছেন মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে এপিপি নুরুল ইসলাম জানান।

রোববার আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করে এপিপি বলেন, “আমরা আশাবাদী উচ্চ আদালত এই রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।”