প্যারাগুয়ে ম্যাচে চুয়ামেনিকে ‘পাবে না’ ফ্রান্স
গণমাধ্যমের খবর, শেষ ষোলোর ম্যাচ থেকে ছিটকে গেছেন ফরাসি মিডফিল্ডার।
চোট থাবা দিয়েছে ফ্রান্স শিবিরে। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াই থেকে ছিটকে গেছেন দলটির মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি।
ফরাসি দৈনিক লেকিপে জানিয়েছে, ঊরুর চোটে ভুগছেন ২৬ বছর বয়সী চুয়ামেনি। তাই কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে খেলতে পারবেন না তিনি।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্রান্সের খেলা চার ম্যাচের তিনটিতে শুরুর একাদশে ছিলেন চুয়ামেনি। রেয়াল মাদ্রিদের এই ফুটবলার কেবল ইরাকের বিপক্ষে খেলেননি। নরওয়ের বিপক্ষে ৪-১ গোলে জেতা শেষ গ্রুপ ম্যাচে একটি অ্যাসিস্টও করেন তিনি।
শেষ ষোলোর লড়াইয়ে শনিবার বাংলাদেশ সময় রাত তিনটায় প্যারাগুয়ের মুখোমুখি হবে গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স।
