মেলবোর্নের দুঃখ ভুলতে চান জামাল
ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মেলে ধরতে চান বাংলাদেশ অধিনায়ক।
চতুর্থ মিনিটেই হজম করতে হয়েছিল গোল। এরপর আরও ছয়বার বল জড়ায় জালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগের স্মৃতি বাংলাদেশের জন্য এমনই দুঃসহ। কষ্টের সেই স্মৃতি ভুলে ঘরের মাঠে নিজেদের মেলে ধরতে চান বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়া।
২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ের ফিরতি লেগে বৃহস্পতিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। মেলবোর্নের প্রথম লেগে জামাল-তপুরা উড়ে গিয়েছিলেন ৭-০ গোলে।
মেলবোর্নের বিরুদ্ধ কন্ডিশন, অতিরিক্ত ঠাণ্ডা আবহাওয়া, ঝড়ো বাতাস নিয়ে এর আগেও কথা বলেছেন জামাল। ফিরতি লেগ সামনে রেখে, একই কথা শোনালেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে প্রথম লেগের ভুল শুধরে নেওয়ার তাড়নাও তার কণ্ঠে স্পষ্ট।
“ওখানে (মেলবোর্নে) আবহাওয়া প্রতিকূল ছিল। অনেক ঠাণ্ডা ছিল, সবাইকে হাতে গ্লাভস পরে খেলতে হয়েছিল। এছাড়া ৭-০ গোলে হারটি ছিল একটা ভুলের মতো। এবার নিজেদের মাঠে খেলা। সমর্থক থাকবে, পরিবারের সদস্যরা থাকবে। এখানে আমরা নিজেদের মেলে ধরতে চাই।”
“মেলবোর্নে যা হয়েছে, সেটা আমরা ভুলে যেতে চাই। কালকে একটা ভালো সুযোগ আছে আমাদের। সবাই পারফর্ম করে দেখাতে চাই।”
‘আই’ গ্রুপের টেবিলে ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে বাংলাদেশ। একমাত্র পয়েন্ট জামালরা পেয়েছিলেন কিংস অ্যারেনাতেই লেবাননের বিপক্ষে ১-১ ড্র করে।
চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ফিলিস্তিন (৭ পয়েন্ট) ও লেবানন (২ পয়েন্ট) নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। বাংলাদেশ আগামী ১১ জুন লেবাননের বিপক্ষে বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচ খেলবে।
