২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর ব্রাজিল গোলরক্ষক বেন্তো

‘এটা হবে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন,’ বললেন ২৬ বছর বয়সী গোলরক্ষক।

বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর ব্রাজিল গোলরক্ষক বেন্তো
বেন্তো। ছবি: ব্রাজিল ফুটবল ফেডারেশন

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 07:27 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর তার ঘোষিত প্রতিটি দলেই ডাক পেয়েছেন বেন্তো। তবে জাতীয় দলে নিজের জায়গা নিশ্চিত ধরে নিতে চান না ২৬ বছর বয়সী এই গোলরক্ষক। দলের মূল গোলরক্ষকদের একজন না হলেও আগামী বিশ্বকাপে খেলার ছবি অবশ্য মনের মধ্যে আঁকছেন তিনি। 

বেন্তো প্রথমবার ব্রাজিল দলে ডাক পান ২০২৩ সালের অগাস্টে। তবে অভিষেকের জন্য তাকে অপেক্ষায় থাকতে হয় আরও অনেকটা সময়। ২০২৪ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলের স্বাদ পান তিনি। 

গত কয়েক বছর ধরে ব্রাজিলের মূল দুই গোলরক্ষক আলিসন ও এদেরসন। বেন্তো খুব বেশি ম্যাচ খেলার সুযোগ তাই পাননি। এখন পর্যন্ত খেলেছেন চারটি ম্যাচ।  

চোটের কারণে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে আসছে দুই প্রীতি ম্যাচের দলে নেই আলিসন। এ যাত্রায় বেন্তোর খেলার সম্ভাবনা তাই বেড়েছে।

মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাস্‌র সতীর্থ বেন্তো বলেন, সবসময় দলে থাকার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন তিনি।

“দলে আমার জায়গা নিশ্চিত ধরে নিতে পারি না আমি। কখনোই সেভাবে ভাবব না, এটাই আমার ধরন: সবসময় সাফল্যের জন্য চেষ্টা করা এবং ভবিষ্যতে আবার এখানে থাকার জন্য কাজ করা। ঈশ্বরকে ধন্যবাদ, আমি খুব কম চোটাক্রান্ত হই এবং তা জাতীয় দলে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ।”

“যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে ডাক পাই, তাহলে এটা হবে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। এই স্বপ্ন পূরণের জন্য আমি কঠোর পরিশ্রম করব।”