Published : 07 May 2025, 06:39 PM
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে চলতি মে মাসের শেষে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। শুরুর দিকে না হলেও মাঝামাঝি সময়ে ক্যাম্পে যোগ দিতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান মিডফিল্ডার সামিত সোম।
পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী হাভিয়ের কাবরেরা ক্যাম্প শুরু করবেন ৩১ মে। ৫ জুনে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে দলের। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ম্যাচটি মাঠে গড়াবে ১০ জুন।
বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রয়োজনীয় জন্মনিবন্ধন, বাংলাদেশি পাসপোর্ট ও ফিফার প্লেয়ার্স কমিটির ছাড়পত্রও পেয়ে গেছেন সামিত। আর কোনো বাধা না থাকায় বাফুফে চাইছে সিঙ্গাপুরের বিপক্ষেই ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারকে খেলাতে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, জুনের প্রথম সপ্তাহে ক্যাম্পে যোগ দেবেন সামিত।
“আগামী মাসের ১ তারিখে খেলা আছে সামিতের। ওই খেলা শেষ করে সে বাংলাদেশের আসবে। এখন পর্যন্ত যে পরিকল্পনা আমাদের, সেই অনুযায়ী ৫ জুনের মধ্যেই সে ঢাকায় আসবে এবং এজন্য আমরা তাকে বিমান টিকেট পাঠিয়ে দেওয়াসহ বাকি কাজগুলো সারছি।”
সামিতের বেড়ে ওঠা কানাডায়, ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে তিনি দুটি ম্যাচও খেলেছেন। ক্লাব ফুটবলে বর্তমানে খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে। এই দলের হয়ে ১ জুন কানাডা প্রিমিয়ার লিগে ফোর্জের বিপক্ষে ম্যাচ আছে সামিতের। ম্যাচটি শেষ করে তিনি বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন বলে জানালেন ফাহাদ করিম।
“বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পাওয়ায় সে ভীষণ খুশি। এই প্রক্রিয়ার সাথে জড়িত বাফুফে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। বাংলাদেশের হয়ে খেলতে মুখিয়ে থাকার কথাও বলেছে সে।”
“কানাডায় ম্যাচটি শেষ করে ঢাকায় এসে ৫ জুনের প্রীতি ম্যাচে সামিতের খেলাটা কঠিন। আমরাও খুব বেশি আশা করছি না, সে প্রীতি ম্যাচটি খেলতে পারবে। সামনের সপ্তাহেই তার সাথে সভাপতি ও কোচ বসবেন কথা বলতে, সেখানে তারা প্রত্যাশা ও পরিকল্পনার কথা জানিয়ে দিবেন। আশা করি, সিঙ্গাপুরের বিপক্ষে তার অভিষেক হবে।”