সিবেলেস স্কয়ারে টনি ক্রুসের প্রতিশ্রুতি রাখতে পারার আনন্দ
লা লিগা জয় উদযাপনের তিন সপ্তাহ পর আবারও ‘সিবেলেস ফোয়ারা’র ধারে জড়ো হলো রেয়াল মাদ্রিদ, এবার ইউরোপের রাজার বেশে।
সপ্তাহ তিনেক আগে লা লিগা শিরোপা জয়ের উৎসবে টনি ক্রুস কথা দিয়েছিলেন, সিবেলেস স্কয়ারে খুব শিগগিরই আবার দেখা হবে, ইউরোপ সেরার মুকুট পরে। বিদায়লগ্নে তার কণ্ঠে খেলে গেল কথা রাখতে পারার আনন্দ, প্রিয় সমর্থকদের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা।
মাঝে এক মৌসুম বাদে আরও একবার লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দে ভাসছে রেয়াল মাদ্রিদ। চোটজর্জর দল নিয়েও মৌসুমজুড়ে অবিশ্বাস্য ধারাবাহিকতায় ছুটেছে দলটি। তাতে লিগ শিরোপা নিশ্চিত করে তারা চার ম্যাচ হাতে রেখে।
ইউরোপ সেরার মঞ্চেও তারা ছিল একইরকম অপ্রতিরোধ্য। ফলাফল, গত শনিবার বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে কার্লো আনচেলত্তির দল।
রেয়ালের জার্সিতে আলো ঝলমলে ১০টি বছর কাটিয়ে বিদায় নিচ্ছেন ক্রুস। দেশের হয়ে বিশ্বকাপজয়ী তারকা এই মিডফিল্ডার মাদ্রিদের দলটিতে যেন আরও দ্যুতিময়; দলের অসংখ্য সাফল্যের নায়ক, মাঝমাঠের নেতা এই জার্মান গ্রেট দশটি বছরে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগা ও পাঁচটি ক্লাব বিশ্বকাপসহ জিতেছেন আরও অনেক শিরোপা।
এত এত অর্জনের মাঝেও সবশেষ সাফল্য যেন তার মনকে আন্দোলিত করছে বেশি করে। শেষবেলায় সমর্থকদের কথা রাখতে পারাই যার মূল কারণ।
“তিন সপ্তাহ আগে আমি কথা দিয়েছিলাম যে, আমরা সিবেলেসে আসব উদযাপন করতে, এই যে আমরা লা দেসিমোকিন্তা (চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চদশ শিরোপা) উদযাপন করতে এসেছি। গত ১০ বছরে আপনারা যেভা্বে পাশে থেকেছেন, ভালোবাসা দিয়েছেন সেজন্য অনেক ধন্যবাদ। এই যাত্রা, এই সময় ছিল অবিস্মরণীয়, আপনাদের জন্য, দলের জন্য। এখানকার সবাই অবিশ্বাস্য সব খেলোয়াড় ও মানুষ। আমার একটা ঠিকানা আছে এবং সেটা এখানে। অনেক ধন্যবাদ।”
ইউরোপ সেরার প্রতিযোগিতাটি চ্যাম্পিয়ন্স লিগ নামকরণের পর ৯ বার ফাইনাল খেলে প্রতিবারই জিতল রেয়াল। ধারাবাহিকভাবে অবিশ্বাস্য এই সাফল্য গড়তে পেরে উচ্ছ্বাস আর গর্বের শেষ নেই ক্লাব সংশ্লিষ্ট সবার। অধিনায়ক নাচো ফের্নান্দেসের কথায়ও তারই প্রতিধ্বনি।
“রেয়াল মাদ্রিদ মানেই জয়, জয় এবং জয়। শেষের আগে কখনও হাল ছাড়া নয় এবং কঠিন মুহূর্তেও এগিয়ে যাওয়া অব্যাহত রাখতে হবে। এখন আমরা এটা উদযাপন করব, যারা এর দাবিদার। সারা বছর ধরে সমর্থন দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ, কারণ আপনাদের ছাড়া এটা সম্ভব হতো না।”
ফাইনালে প্রথমার্ধে ডর্টমুন্ডের আক্রমণাত্মক ফুটবলে কঠিন চাপে পড়েছিল রেয়াল। বিরতির পর ঘুরে দাঁড়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। অবশেষে দলকে পথ দেখান দানি কারভাহাল। পরে ভিনিসিউস জুনিয়রের গোলে জয়ের পথে এগিয়ে যায় তারা।
এই মৌসুমে রেয়াল কতটা দুর্দান্ত ও ধারাবাহিক ছিল, তা ছোট্ট একটা পরিসংখ্যানেই পরিষ্কার ফুটে ওঠে; পুরো মৌসুমে দলটি কেবল দুটি ম্যাচে হারের তেতো স্বাদ পায়। ক্রুস, মদ্রিচ, নাচো ফের্নান্দেসদের মতো রেকর্ড ৬টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অসামান্য কীর্তি গড়া অভিজ্ঞ ডিফেন্ডার কারভাহালের কণ্ঠেও মিশে রইল এমন দাপুটে পারফরম্যান্সের কথা।
“(সমর্থকদের উদ্দেশ্যে) পুরো মৌসুমে সমর্থন দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমার কাছে রেয়াল মাদ্রিদ আমার বাড়ি, এই ক্লাব ছাড়া আমি আমার জীবনকেই বুঝতে পারতাম না। আমরা কেবল দুটি ম্যাচ হেরেছি এবং আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জিতে আমরা চমৎকার একটি মৌসুম শেষ করেছি। আমরা ইউরোপের রাজা।”
বিশেষ এই সাফল্য উদযাপনে ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়েও মিলিত হয়েছিল সবাই। এখানে অভিষেক মৌসুমেই স্বপ্ন ছুঁতে পারার আনন্দ জুড বেলিংহ্যামের চোখেমুখে।
“(রেয়ালে) প্রথম মৌসুমটা অসাধারণ কাটছে। এই দলে খেলতে পারা এবং আজ এখানে সমর্থকদের সামনে আসতে পারাটা সম্মানের। আমি সবচেয়ে যেই জিনিসটার জন্য মুখিয়ে থাকি, সেটা হলো বের্নাবেউয়ে উদযাপন করা।”
কয়েক বছর ধরেই দারুণ খেলে চলেছেন ভিনিসিউস। এবার তিনি আরও উজ্জ্বল। এবারের চ্যাম্পিয়ন্স লিগে ৬ গোল করার পাশাপাশি লা লিগায় করেন ১৫ গোল। এছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। সব মিলিয়ে ব্যালন দ’র জয়ের দাবি জোরাল করা এই ব্রাজিলিয়ান ধন্যবাদ জানালেন সতীর্থদের।
“সবাইকে অনেক ধন্যবাদ। আমরা নাচো, ক্রুস, মদ্রিচ, কারভাহালদের কাছ থেকে অনেক শিখেছি এবং এই তরুণরা যারা এখানে অনেক কিছু জিততে চায়।”
দলের মাঝমাঠের আরেক নেতা ৩৮ বছর বয়সী মদ্রিচ অল্প কথায় নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিলেন।
“কী অসাধারণ দল আমরা এবং আপনারা কী চমৎকার সমর্থক। আমরা ইউরোপের চ্যাম্পিয়ন।”
