উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ
Published : 25 Oct 2024, 03:24 PM
‘শুভ জন্মদিন অধিনায়ক’-বলতেই মুখে চওড়া হাসি নিয়ে তাকালেন সাবিনা খাতুন। ৩১ বছরে পা রাখলেন বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক। তবে এদিনের হাসিতে যেন অন্যরকম স্বস্তি। পাকিস্তানের বিপক্ষে ড্রয়ের পর দল ও তার ওপর দিয়ে বিতর্কের কত ঝড়-ঝাপটাই না গেছে!
জন্মদিন উদযাপনে মেতে থাকার সময় নেই সাবিনার। রোববার ভুটানের বিপক্ষে খেলতে হবে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল। গতবারের শিরোপাজয়ী অধিনায়ক এবার মুকুট ধরে রাখার অভিযানে; যথারীতি নেতৃত্বের আর্মব্যান্ডের মহাভার বাহুতে নিয়ে।
কাঠমাণ্ডুর লোলিতপুরের আনফা গ্রাউন্ডের টার্ফে অবশ্য শুক্রবার অন্যরকম এক দলকেই দেখা গেল অনুশীলন করতে। কেউ সেলফি তোলায় ব্যস্ত। ছবি ঠিকঠাক তোলা হচ্ছিল না বলে ‘সিনিয়র’ মাসুরা পারভীনের দিকে কৃত্রিম রাগের ভঙ্গিতে তাকালেন শামসুন্নাহার জুনিয়র! তা দেখে হাসতে লাগলেন ডিফেন্ডার শিউলি আজিম।

মাসুরা, শামসুন্নাহার জুনিয়র, মারিয়া মান্দা ও রূপনা চাকমা- এই চার জন মাঠের চারধারে, কখনও ভেতরে শুধু হেঁটে হেঁটেই সময় কাটালেন। কখনও মাঝমাঠে বৃত্তাকৃতিতে বসে গল্পে মজে থাকল সবাই।
এক কোণে হালকা অনুশীলনে কখনও সাবিনাকে, কখনও মনিকা চাকমা বা ঋতুপর্ণা চাকমা, কিংবা তহুরা খাতুনকে মাঝে রেখে বল নিয়ে ‘চোর-পুলিশ’ খেলাও চলল। আরেক পাশে অবশ্য ভারত ম্যাচে বেঞ্চে বসে থাকাদের নিয়ে অনুশীলন সারলেন কোচ পিটার জেমস বাটলার।
এদিনের অনুশীলনে বিষন্ন দেখা গেল কেবল একজনকে, তিনি আফিদা খন্দকার। ভারতের বিপক্ষে দৃষ্টিনন্দন গোল করা এই ডিফেন্ডার গতকাল পড়েছেন জ্বরের কবলে। স্বাভাবিকভাবেই তিনি কোনো অনুশীলন করেননি। এমনকি মাঠে সতীর্থদের সাথে ঘুরেও বেড়াননি। দুই ঘণ্টার ট্রেনিং সেশনের দেড় ঘণ্টাই টার্ফের এক কোণে ঘুমিয়েছিলেন আফিদা!

পানি পান করতে সেখানে এসে সাবিনা-মারিয়ারা খোঁজ নিতে লাগলেন আফিদার। তার কাছে জানতে চাইলেন, কেমন বোধ করছে। এই জানতে চাওয়ার মধ্যেও পাওয়া গেল স্নেহের পরশ। সব মিলিয়ে ফুটে উঠল মনোরম, প্রাণোচ্ছল এক পরিবেশ, যা ছিল না দুদিন আগেও।
দলের অন্দরে সিনিয়র বনাম জুনিয়র নামের এক বিতর্কের ঝড়ে সব যেন এলোমলো হয়ে পড়ার জোগাড় হয়েছিল। সে বিতর্ক খণ্ডাতে অনেক কথাই বলেছেন সাবিনা, কিন্তু শঙ্কার মেঘটুকু যেন সরছিল না পুরোপুরি। এদিনের অনুশীলনে সবার হাসিমুখ, একসঙ্গে ছবি তোলা, বড়কে ছোটর কৃত্রিম রাগ দেখানো-সবকিছুতেই ফুটে উঠল সুখী পরিবারের প্রতিচ্ছবি। জন্মদিনের সেরা উপহারটাই যেন পেয়ে গেছেন অধিনায়ক সাবিনা।

সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, কেকের অর্ডার দেওয়া হয়েছে, সন্ধ্যে কিংবা রাতে কেক কেটে উদাযাপন করা হবে অধিনায়কের জন্মদিন। সেখানেও যে আনন্দের ঢেউ আছড়ে পড়বে, সে ইঙ্গিত দিয়ে গেলেন তহুরা খাতুন।
“আমরা যেহেতু পরিবার ছেড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে থাকি (ট্রেনিং ক্যাম্পে), ধরতে গেলে এটাই একটা পরিবার। ধরতে গেলে আমরা সুখী পরিবারই। মানুষ তো অনেক কিছুই বলে, সিনিয়র-জুনিয়র, এগুলো নিয়ে অনেক কিছু বলাবলি হচ্ছে, আসলে আমাদের মধ্যে ওরকম কিছু নেই। আপনারা সেটা দেখেছেন।”
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে এবার নতুন গল্প লেখার স্বপ্ন ভুটানের
'ভুটানের বিপক্ষে স্বাভাবিক খেলা খেলতে হবে'
মাঠের লড়াইয়ে ভুটানের সাথে কিসের বন্ধুত্ব? প্রশ্ন ঋতুপর্ণার