জিমি-আমিরুলের নৈপুণ্যে মোহামেডানের শুভসূচনা
শুরুর দুই কোয়ার্টারে গোল না পেলেও প্রত্যাশিত জয়ে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ শুরু করেছে সাদা-কালো জার্সিধারীরা।
ক্লাব কাপ হকির হতাশা সঙ্গে করে প্রিমিয়ার ডিভিশন হকি লিগে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নামল মোহামেডান। শুরুর দুই কোয়ার্টারে ধুঁকছিল তারা। পরে ঘুরে দাঁড়িয়ে রাসেল মাহমুদ জিমি, আমিরুল ইসলামদের নৈপুণ্যে শুভসূচনা পেল প্রতিযোগিতার সবশেষ ২০১৮ সালের চ্যাম্পিয়নরা।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার আজাদ স্পোর্টিং ক্লাবকে ৪-০ গোলে হারিয়েছে মোহামেডান। জালের দেখা পেয়েছেন আমিরুল ইসলাম, দ্বীন ইসলাম ইমন, রাসেল মাহমুদ জিমি ও মনোজ বাবু।
ক্লাব কাপের সেমি-ফাইনাল থেকে ছিটকে যাওয়া মোহামেডানকে শুরুর দুই কোয়ার্টারে আটকে রাখে আজাদ। ৩৪তম মিনিটে খোলে ম্যাচের ডেডলক। পেনাল্টি কর্নার (পিসি) থেকে লক্ষ্যভেদ করেন আমিরুল।
এগিয়ে যাওয়ার পর চেনা ছন্দ ফিরে পায় মোহামেডান। ৩৯তম মিনিটে ইমনের ফিল্ড গোলের চার মিনিট পর জিমি পেনাল্টি কর্নার থেকে ব্যবধান আরও বাড়ান।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে জালের দেখা পান মনোজ।
দিনের প্রথম ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৬-৪ গোলে হারায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। জয়ী দলের ভারতীয় খেলোয়াড় প্রিন্স কুমার হ্যাটট্রিক করেন; অপর তিন গোলদাতা রাকিব, দেবাশীষ রায় ও গুরপ্রীত সিং।
ভিক্টোরিয়ার আব্দুল আল আবিদ নাহিয়ান দুটি এবং মোহাম্মদ হাসান ও শহিদুল ইসলাম একটি করে গোল করেন।
