২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজাখস্তানের ট্র্যাকে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের ইমরানুর

সেমি-ফাইনাল পেরিয়ে পদকের লড়াইয়ে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2023, 07:16 PM

Updated : 11 Feb 2023, 07:16 PM

অনেকটা পথ এগিয়ে থেকেও শেষ দিকে কাতারের প্রতিযোগীর সঙ্গে পেরে উঠলেন না ইমরানুর রহমান। তবে ঠিকই সেমি-ফাইনাল পেরিয়ে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টের পদকের লড়াইয়ে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব।

কাজাখস্তানের আস্তানায় শনিবার ৬০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনালে ৬ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন ইমরানুর। তার সমান সময় নিয়ে ফটো ফিনিশিংয়ে প্রথম হয়েছেন কাতারের ফেমি সেউন ওগুনোডে।

এদিন সকালের হিটে তিনি সময় নেন ৬ দশমিক ৭০ সেকেন্ড। এই ইভেন্টে ইমরানুরের সেরা টাইমিং আগে ছিল ৬ দশমিক ৬৪ সেকেন্ড। গত বছর সার্বিয়ার বেলগ্রেদে এই টাইমিং করেছিলেন তিনি।

এই ইভেন্টের মেয়েদের বিভাগে বাংলাদেশের শিরিন আক্তার হিট থেকে ছিটকে যান ৭ দশমিক ৯৩ সেকেন্ড সময় নিয়ে। অবশ্য বাংলাদেশের ‘দ্রুততম মানবী’র টাইমিংয়ে উন্নতি হয়েছে। আগে এই ইভেন্টে ৮ দশমিক ৫০ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেছিলেন।