১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আল নাস্‌রের টানা পঞ্চম জয়ে রোনালদোর গোল

এক ম্যাচ বেশি খেলে আল হিলালের চেয়ে চার পয়েন্টে পিছিয়ে রয়েছে আল নাস্‌র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2024, 01:44 AM

Updated : 18 Feb 2024, 01:56 AM

ক্লাব ক্যারিয়ারের হাজারতম ম্যাচে গোলের রেশ কাটতে না কাটতে ফের জালের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আল নাস্‌রের জয়ে পর্তুগিজ মহাতারকা রাখলেন বড় ভূমিকা। আল ফাতেহকে হারিয়ে আল হিলালের সঙ্গে ব্যবধান কমাল আল নাস্‌র।

সৌদি প্রো লিগের ম্যাচে ঘরের মাঠে শনিবার রাতে ২-১ গোলে জিতেছে আল নাস্‌র।

১৭তম মিনিটে রোনালদো দলকে এগিয়ে নেওয়ার পর ২৯তম মিনিটে সমতা ফেরান সালেম আল নাজদি। ৭২তম মিনিটে ওতাভিওর গোলে ফের এগিয়ে যাওয়া স্বাগতিকরা মাঠ ছাড়ে তিন পয়েন্ট নিয়ে।

সুলতান আল ঘান্নামের ক্রসে কাছের পোস্ট নিয়ে দিয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন রোনালদো। গোলরক্ষক ভেবেছিলেন তিনি হয়তো শট নিতে পারেন দূরের পোস্টে। কিন্তু তাকে চমকে দিয়ে কাছের পোস্টেই শট করেন রোনালদো। খুব কাছে থাকলেও গোলরক্ষক বলের নাগাল পাননি।

চলতি আসরে এটি রোনালদোর ২১তম গোল।

লিগে আল নাস্‌রের এটি টানা পঞ্চম জয়। ২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে।