জয় ছাড়া ‘রাস্তা খোলা নেই’, উপলব্ধি ফাহিমদের
নিজেদের সেরাটা নিংড়ে দিতে পারলে মালদ্বীপের রক্ষণ ভাঙা সম্ভব বলে মনে করেন ফয়সাল আহমেদ ফাহিম।
লেবানন ম্যাচে বদলি নেমে রাকিব হোসেন ছিলেন বিবর্ণ। জড়তা যেন কাটছিলই না এই ফরোয়ার্ডের। পরে প্রস্তুতিতে তার ছোটাছুটি দেখে টিম অফিসিয়ালরা বলতে শুরু করলেন ‘ভয়টা কেটে গেছে’। প্রস্তুতি শেষে অবশ্য গণমাধ্যমের মুখোমুখি হলেন না রাকিব। তার আক্রমণভাগের সতীর্থ ফয়সাল আহমেদ ফাহিম বললেন, মালদ্বীপের বিপক্ষে মহারণে গোল পাওয়াই তাদের একমাত্র লক্ষ্য।
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি।
ভূটানকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করা মালদ্বীপ আছে ফুরফুরে মেজাজে। অন্যদিকে, লেবাননের বিপক্ষে ড্রয়ের আশা জাগিয়েও ২-০ ব্যবধানে হার বাংলাদেশের জন্য অস্বস্তির কাঁটা হয়ে বিধঁছে। মালদ্বীপ ম্যাচে ফেলে দিয়েছে কঠিন পরীক্ষার সামনে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততে হবে হাভিয়ের কাবরেরার দলকে।
জয়ের চাওয়াটা পূরণ করতে হলে লাগবে গোল। লেবানন ম্যাচে গোলের সুর্বণ সুযোগ নষ্ট করা ফাহিমের উপলব্ধি মালদ্বীপ ম্যাচে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই তাদের সামনে।
“আমাদের জেতা ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই। সবাইকে সবার শতভাগ দিতেই হবে। কেননা, আমাদের সামনে তো এখন জয় ছাড়া আর কোনো সমীকরণ খোলা নেই। মালদ্বীপের রক্ষণ ভাঙ্গা অবশ্যই সম্ভব। আমরা আগের ম্যাচে অনেক সুযোগ পেয়েছিলাম কিন্তু হয়নি (গোল)। সেই ম্যাচে যেটা হওয়ার হয়ে গেছে, আমরা এখন মালদ্বীপ ম্যাচ নিয়ে আশাবাদী। যেই সুযোগ পাবে তাকেই এখন গোল করতে হবে।”
“চাপ নিলে চাপ। আবার চাপ থেকেই যদি ভালো কিছু হয়, ভুল সংশোধন করে পরের ম্যাচে যদি গোল করতে পারি, পারফর্ম করতে পারি, দলকে জেতাতে পারি, তাহলে আমাদের সবকিছুই ভালো হয়ে যাবে। সব কিছু মিলিয়ে আমরা জেতার জন্যই মাঠে নামব।”
লেবানন ম্যাচে দ্বিতীয়ার্ধে আক্রমণের জোর বাড়াতে অ্যাটাকিং মিডফিল্ডার রবিউল হাসানকে নামিয়েছিলেন কোচ। কিন্তু তিনিও পারেননি ছাপ রাখতে। অতীত ভুলে মালদ্বীপ ম্যাচে পুরো মনোযোগ দিতে চান রবিউল। পূরণ করতে চান লাল-সবুজ জার্সিধারীদের সমর্থকদের প্রত্যাশা।
“অতীত ভুলে যাওয়াই ভালো। অতীত থেকেও অবশ্য অনেক কিছু শেখার আছে। টুর্নামেন্টের আগে আমরা বেশ ভালো ছন্দে ছিলাম। কম্বোডিয়া ম্যাচে আমরা হয়তো বল পজেশনে পিছিয়ে ছিলাম, কিন্তু আমরা ভালো খেলেছি। লেবানন ম্যাচেও আমরা ভালো খেলেছি, কিন্তু শেষ মূহূর্তে গোল হজম করেছি। মানুষ দেখবে দিন শেষে জিতেছি নাকি হেরেছি।”
“এভাবে আমরা শেষ কয়েক সাফেও (পাঁচটি) প্রথম পর্বে বাদ পড়েছি। কিন্তু এবার আমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছি, সব ফুটবলারই চাচ্ছি যেভাবে হোক মালদ্বীপকে হারাতে। এটা আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ। যেভাবে হোক এই ম্যাচ থেকে আমাদের ফল বের করতে হবে। আমাদের ড্রয়ের কোনো চিন্তা নাই। আর আমরা একবার সেমি-ফাইনালে যেতে পারলে...বড় সব দলের বিপক্ষে একটা সুযোগেই গোল করতে হবে। কেননা, দিনশেষে মানুষ রেজাল্ট চায়।”
