২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ ট্রফিতে চোখ বেলিংহ্যামের

এই বছরে ক্লাব রেয়াল মাদ্রিদের হয়ে দুটি ও জাতীয় দল ইংল্যান্ডের জার্সিতে একটি শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন তরুণ এই মিডফিল্ডার।

৩ ট্রফিতে চোখ বেলিংহ্যামের

প্রথম ফুটবলার হিসেবে লরিয়াস অ্যাওয়ার্ডসের ‘ব্রেকথ্রু প্লেয়ার অব দা ইয়ার’ পুরস্কার জয়ী জুড বেলিংহ্যাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2024, 05:08 PM

Updated : 23 Apr 2024, 05:36 PM

রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে দারুণ পারফরম্যান্সে দ্রুতই দলটির ভরসা হয়ে উঠেছেন জুড বেলিংহ্যাম। এরই মধ্যে পেয়ে গেছেন দলীয় ও ব্যক্তিগত কিছু সাফল্য। তার স্বপ্ন এখন আরও বড়। ক্লাবের হয়ে এই বছরে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান তরুণ এই ইংলিশ মিডফিল্ডার। আর জাতীয় দলের জার্সিতে চুমু আঁকতে চান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফিতে।

গত জুনে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রেয়ালে পা রাখার পর এখন পর্যন্ত স্পেনের সফলতম দলটির হয়ে ৩৬ ম্যাচে বেলিংহ্যাম গোল করেছেন ২১টি। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১০টি।

গত রোববার লা লিগায় বার্সেলোনার বিপক্ষে দলের ৩-২ ব্যবধানের জয়ে যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন তিনিই। এতে লিগ টেবিলে ১১ পয়েন্টে এগিয়ে গেছে রেয়াল। তাদের শিরোপা জয় বলতে গেলে এখন স্রেফ সময়ের ব্যাপার। চ্যাম্পিয়ন্স লিগে শিরোপাধারী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে তারা উঠে গেছে সেমি-ফাইনালে।

রেয়ালের জার্সিতে এরই মধ্যে একটি শিরোপার স্বাদ পেয়ে গেছেন বেলিংহ্যাম। গত জানুয়ারিতে ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জেতে রেয়াল। গত অক্টোবরে ব্যালন দ’র অনুষ্ঠানে বেলিংহ্যাম জেতেন বছরের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি।

পরের মাসে সেরা তরুণ ফুটবলার হিসেবে তিনি জেতেন ২০২৩ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার। ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ২১ বছর বা এর চেয়ে কম বয়সীদের মধ্যে সেরা ফুটবলারকে এই পুরস্কার দেয় ইতালিয়ান সংবাদপত্র তুত্তোস্পোর্ত।

তার সাফল্যের মুকুটে সোমবার যোগ হয় আরেকটি পালক। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথম ফুটবলার হিসেবে তিনি জেতেন ‘ব্রেকথ্রু প্লেয়ার অব দা ইয়ার’ পুরস্কার। সেখানেই বড় স্বপ্নের কথা শোনান ২০ বছর বয়সী বেলিংহ্যাম।

“এটা (তিনটি ট্রফি) এমন কিছু যা অর্জন করতে চাই। লা লিগা জয়ের জন্য আমাদের সামনে আরও কিছু ম্যাচ আছে। এরপর কঠিন দুটি ম্যাচ আছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে (চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে)।”   

“আর ইউরোতে আশা করি, গত কয়েকটি টুর্নামেন্টের ফর্ম আমরা টেনে নিতে পারব এবং আরও ভালো করতে পারব।”

শুধু পারফরম্যান্স দিয়ে নয়, নেতৃত্বগুণেও রেয়ালে বড় প্রভাব রাখছেন বেলিংহ্যাম। কিছুদিন আগে দলটির অভিজ্ঞ ডিফেন্ডার আন্টোনিও রুডিগার যেমন বলেন, ভবিষ্যতে নেতা হওয়ার সব গুণাবলিই আছে এই তরুণের।

এই মৌসুমে লা লিগায় ১৭ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার বেলিংহ্যাম। ইংল্যান্ডের হয়ে তার অভিষেক হয় ২০২০ সালে। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ২৯ ম্যাচে তার গোল তিনটি।

আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হতে যাওয়া ইউরোতে গ্রুপ পর্বে ইংল্যান্ডের তিন প্রতিপক্ষ স্লোভেনিয়া, ডেনমার্ক ও সার্বিয়া। ২০২১ সালে অনুষ্ঠিত সবশেষ ইউরোর রানার্সআপ ইংল্যান্ড ২০২২ বিশ্বকাপে খেলে কোয়ার্টার-ফাইনালে।