২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেকেনবাউয়ারের সম্মানে বায়ার্নের বিশেষ আয়োজন

আগামী কয়েক দিন ‘ধন্যবাদ ফ্রানৎস’ লেখা শব্দের সঙ্গে আলোকিত থাকবে আলিয়াঞ্জ অ্যারেনা।

বেকেনবাউয়ারের সম্মানে বায়ার্নের বিশেষ আয়োজন

একটা নির্দিষ্ট সময়ের জন্য এভাবে আলোকিত থাকবে আলিয়াঞ্জ অ্যারেনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2024, 03:14 PM

Updated : 10 Jan 2024, 03:23 PM

ক্লাবের সাবেক খেলোয়াড়, কোচ ও প্রেসিডেন্ট ফ্রানৎস বেকেনবাউয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বায়ার্ন মিউনিখ। একটা নির্দিষ্ট সময়ের জন্য আলোকসজ্জায় সাজবে জার্মানির সফলতম দলটির ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনা।

৭৮ বছর বয়সে জার্মান কিংবদন্তি বেকেনবাউয়ারের মৃত্যুর খবর সংবাদমাধ্যমে আসে গত সোমবার, যিনি পরিচিত ছিলেন ‘ডের কাইজার’ নামে। যার মানে ‘দা এমপেরর’ বা ‘সম্রাট।’

বায়ার্ন মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ‘কাইজার’ এর স্মরণে আগামী কয়েক দিন স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘ধন্যবাদ ফ্রানৎস’ লেখা শব্দের সঙ্গে আলোকিত থাকবে আলিয়াঞ্জ অ্যারেনা। যা শেষ হবে আগামী শুক্রবার হফেনহাইমের বিপক্ষে বায়ার্নের ম্যাচের দিন, সেদিন থাকবে বিশেষ আলোকসজ্জা।

ফুটবলার ও কোচ, দুই ভূমিকাতেই বিশ্বকাপজয়ী ইতিহাসের তিন ফুটবলারের একজন বেকেনবাউয়ার, অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপজয়ী কেবল দুই জনের একজন।

বায়ার্নে তার এক যুগের বেশি সময়ের সাফল্যমণ্ডিত খেলোয়াড়ি জীবন। মিউনিখের দলটির হয়ে তিনি জেতেন চারটি লিগ শিরোপা। তার নেতৃত্বেই ১৯৭৪ থেকে টানা তিনবার ইউরোপিয়ান কাপ (এখনকার চ্যাম্পিয়ন্স লিগ) জেতে বায়ার্ন।

সব মিলিয়ে বায়ার্নের হয়ে তিনি খেলেন ৫৮২ ম্যাচ। পরে দুই মেয়াদে ছিলেন দলটির কোচ। তার কোচিংয়ে ১৯৯৪ সালে বুন্ডেসলিগা, দুই বছর পর উয়েফা কাপ (এখনকার ইউরোপা লিগ) জেতে বায়ার্ন।

আরও অসংখ্য রেকর্ড ও অর্জনে সমৃদ্ধ তার ক্যারিয়ার। ফুটবলার ও কোচ হিসেবে আলো ঝলমলে ক্যারিয়ার তো ছিলই, তিনি আলাদা করে ছাপ রাখেন প্রশাসক হিসেবে ও সংবাদমাধ্যমে ফুটবল বিশেষজ্ঞ হিসেবেও। 

১৯৯৪ থেকে ২০০৯ পর্যন্ত বায়ার্নের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন বেকেনবাউয়ার।