২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ত্রোসারের পেনাল্টি মিস, সৌভাগ্যের গোলে জিতল আর্সেনাল

শাখতার দোনেৎস্ককে হারিয়ে জয়ের পথে ফিরল মিকেল আর্তেতার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 09:46 AM

Updated : 26 Aug 2026, 10:46 AM

ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য করল আর্সেনাল। সুযোগও পেল তারা অনেক, কিন্তু বেশিরভাগ শটই হলো লক্ষ্যভ্রষ্ট। পেনাল্টি থেকে গোল করার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন লেয়ান্দ্রো ত্রোসার। তারপরও ভাগ্যের ছোঁয়ায় শাখতার দোনেৎস্কের বিপক্ষে জয়ের দেখা ঠিকই পেল মিকেল আর্তেতার দল। 

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইউক্রেইনের ক্লাবটিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। প্রথমার্ধে আত্মঘাতী গোল করেছেন সফরকারী গোলরক্ষক।

তিন দিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ২-০ গোলে হারের ধাক্কা সামলে জয়ের পথে ফিরল আর্সেনাল। মৌসুমে তাদের প্রথম হার সেটি।

শাখতারের বিপক্ষে বল দখলে রেখে শুরু থেকে বারবার আক্রমণে ওঠা আর্সেনাল গোলের জন্য লক্ষ্যে প্রথম শট রাখতে পারে ২৪তম মিনিটে। গাব্রিয়েল মার্তিনেল্লির পাসে রিকার্দো কালাফিওরির শট ঠেকান গোলরক্ষক।

চার মিনিট পরই এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সের ভেতর থেকে মার্তিনেল্লির নিচু শট পোস্টে লেগে শাখতার গোলরক্ষক দিমিত্রোর শরীরের পেছন দিকে লেগে জালে জড়ায়।

বিরতির আগে গাব্রিয়েল জেসুসের শট ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষক।

৭৪তম মিনিটে বক্সে শাখতারের এক ডিফেন্ডারের হাতে বল লাগলে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ত্রোসারের সোজাসুজি শট পা দিয়ে ঠেকান গোলরক্ষক।

নির্ধারিত সময়ে একটি শটও লক্ষ্যে রাখতে না পারা শাখতার যোগ করা সময়ে চাপ বাড়ায় আর্সেনালের ওপর। ৯২তম মিনিটে গোল তারা পেয়েই যাচ্ছিল প্রায়। ১৮ গজ দূর থেকে পেদ্রিনিয়োর জোরাল শট ঝাঁপিয়ে এক হাতে ফিরিয়ে আর্সেনালকে বাঁচান গোলরক্ষক দাভিদ রায়া।

নতুন আঙ্গিকের এবারের চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে আর্সেনাল। তাদের সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ৩৬ দলের মধ্যে ২৯ নম্বরে আছে শাখতার।

ভিনিসিউসের হ্যাটট্রিকে প্রত্যাবর্তনের আরেক গল্প লিখল রেয়াল