এশিয়ান কাপ বাছাই
Published : 19 Nov 2025, 12:04 AM
এক জয়ে কতকিছুই না বদলে গেল! বাছাইয়ে জয়হীন থাকায় বাংলাদেশের প্রধান কোচের পদে টিকে থাকা নিয়ে প্রায়ই প্রশ্নের মুখোমুখি হতেন হাভিয়ের কাবরেরা। দলের ব্যর্থতায় গণমাধ্যমকর্মীদের প্রশ্নবানে হতেন জর্জরিত। সংবাদ সম্মেলনেও আসতেন গোমড়া মুখে। ভারতকে হারানোর পর তিনি এলেন মুখে চওড়া হাসি নিয়ে।
জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ।
দ্বাদশ মিনিটে শেখ মোরসালিনের করা গোলটি কাবরেরাকে এনে দিয়েছে সুখী মানুষের অনুভূতি। দক্ষিণ এশিয়ার যে কোনো দলকে হারানোর সামর্থ্য এই দলের আছে-এ কথাও তিনি বললেন আত্মবিশ্বাসী উচ্চারণে।
“এই জয়ে আমি খুশি, আসলেই খুশি, কিন্তু আবারও বলছি, আমি বিশেষ করে এই ছেলেদের নিয়ে খুশি। একটা বিষয় যেটা আগেও বলেছি, আমরা আসলেই এই মুহূর্তের জন্য প্রস্তুত ছিলাম। কেননা, এমন ফল পাওয়ার সামর্থ্য আমাদের আছে। এটাই আমাদের মান। ভারতকে যেকোনো সময় হারানোর মান আমাদের আছে। আমরা যাদের মুখোমুখি হয়েছি, সাফের যে কোনো দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে।”
২০০৩ সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেই ২-১ গোলের জয়ের ২২ বছর পর ভারতকে প্রথম হারাল বাংলাদেশ। ব্যর্থতার বৃত্ত ভেঙে চলতি বাছাইয়ে প্রথম জয় পেল কাবরেরার দল।
এই জয়ের পর পাঁচ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের তৃতীয় স্থানে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে তলানিতে ভারত। বাছাইয়ে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে আগামী মার্চে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।
ব্যবধান গড়ে দিয়ে জয়ের নায়ক মোরসালিন। প্রথমার্ধে লালিয়ানজুয়ালা চাংতের শট হেডে ক্লিয়ার করে দলকে এগিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হামজাও। তবে নির্দিষ্ট কাউকে সেরা পারফরমার হিসেবে বেছে নিতে চান না কাবরেরা।
“আজ, সত্যি বলতে আমার কাছে নির্দিষ্ট একজন ম্যাচ সেরা নয়। আমি দল নিয়ে বলতে পারি। কখনও কখনও কিছু খেলোয়াড় আছে, যেমন সোহেল, ইমন, রাকিব, ফাহিম, শাকিল আহাদ তপু-এদের মতো যারা শিরোনামে আসে না, তারাও বেঞ্চ থেকে এসে দারুণ করে। আমার মতে দলের প্রতিটি খেলোয়াড়ই আজ ম্যাচসেরা।”
মোরসালিনের গোলে ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ