১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘খুবই খারাপ লাগছে’, বাংলাদেশের কাছে হেরে বললেন ভারত কোচ

বাংলাদেশের বিপক্ষে দল সেরাটা দিতে পারেনি বলে মনে করেন ভারত কোচ খালিদ জামিল।

‘খুবই খারাপ লাগছে’, বাংলাদেশের কাছে হেরে বললেন ভারত কোচ
খালিদ জামিল

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 12:08 AM

Updated : 26 Aug 2026, 05:09 PM

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের মতোই ম্যাচ শেষের প্রতিক্রিয়াও খালিদ জামিল দিলেন ছোট ছোট বাক্যে। বাংলাদেশের বিপক্ষে হারের পর যেন তার কণ্ঠই শোনা দায়। তাতে তার হতাশা স্পষ্ট হয়ে উঠল।

ঢাকায় জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে ১-০ গোলে হেরেছে ভারত। দ্বাদশ মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন শেখ মোরসালিন।

২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশের কাছে হারল ভারত। পিছিয়ে পড়ার পর আনোয়ার-বিক্রমরা নিজেদের সেরাটা দিতে পারেনি বলে মনে করেন খালিদ।

“আমরা হেরেছি-এটা খুবই খারাপ, খুবই খারাপ।” 

“না, না, দুর্ভাগ্য বলে কিছু না। এটাই ফুটবল। আপনি কঠোর পরিশ্রম করলে ৩ পয়েন্ট পাবেন। আমাদেরও খুব কঠোর পরিশ্রম করতে হতো তিন পয়েন্ট পাওয়ার জন্য।”

ম্যাচ জুড়েই দারুণ ছিলেন হামজা চৌধুরী। প্রথমার্ধে লালিয়ানজুয়ালা চাংতের শট হেডে ক্লিয়ার করে ভারতকে সমতায় ফিরতে দেননি ইংল্যান্ড প্রবাসী ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে কেবল হামজা নয়, প্রতিপক্ষ দলের সবার খেলারই প্রশংসা করলেন খালিদ।

“আপনারা দেখেছেন, আমরা যে গোলগুলো খেয়েছি, সেগুলো কাউন্টার-অ্যাটাক থেকে এসেছে। আমি গতকালই বলেছি, সব খেলোয়াড়ই ভালো-শুধু হামজা নয়।”

দুই প্রতিবেশির লড়াইয়ে মেজাজ হারানোর ঘটনাও ঘটেছে। প্রথমার্ধের শেষ দিকে তপু বর্মনের করা একটি ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুই দলের মধ্যে। ধাক্কাধাক্কিও হয় কিছুটা। তপু ও নারাভি নিখিল প্রভুকে হলুদ কার্ড দেখান রেফারি। ভারত কোচ অবশ্য স্বাভাবিকভাবেই নিলেন ঘটনাটা।

“ফুটবলে এমনটা হয়। কখনো শারীরিক, কখনো অন্যরকম। ফুটবল এমনই একটি খেলা।”

বাংলাদেশ কোচের চোখে, 'পুরো দল ম্যাচসেরা'

মোরসালিনের গোলে ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

'এটি অবশ্যই আমার ক্যারিয়ারের সেরা সাফল্যের মধ্যে থাকবে'