২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহকে বর্ণবাদী গালি দেওয়ায় নিষিদ্ধ এভারটন সমর্থক

যুক্তরাজ্যের ফুটবল স্টেডিয়ামগুলো থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে ওই দর্শককে।

সালাহকে বর্ণবাদী গালি দেওয়ায় নিষিদ্ধ এভারটন সমর্থক

মোহামেদ সালাহ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2024, 07:59 PM

Updated : 14 Feb 2024, 08:05 PM

লিভারপুলের ফরোয়ার্ড মোহামেদ সালাহকে বর্ণবাদী গালি দেওয়া এবং ‘হেইসেল ট্র্যাজেডি’ নিয়ে উপহাস করার ঘটনায় শাস্তি পেয়েছেন একজন দর্শক। তাকে যুক্তরাজ্যের ফুটবল স্টেডিয়ামগুলো থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

গত অক্টোবরে অ্যানফিল্ডে এভারটনের বিপক্ষে লিভারপুলের ম্যাচ শুরুর আগে সালাহর নাম ঘোষণা করা হলে চিৎকার করে ওঠেন জোয়েল বারওয়াইজ নামের ওই দর্শক, যিনি এভারটনের সমর্থক। এ ছাড়া হেইসেল স্টেডিয়াম বিপর্যয় নিয়ে লিভারপুলের সমর্থকদের উপহাস করতে হুড়োহুড়ির অঙ্গভঙ্গি করেন তিনি।

১৯৮৫ সালে লিভারপুল ও ইউভেন্তুসের ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ) ফাইনালের আগে বেলজিয়ামের ব্রাসেলসের হেইসেল স্টেডিয়ামে দর্শকদের হাঙ্গামা ও হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছিলেন ৩৯ জন দর্শক। ওই দুর্ঘটনার জন্য দায়ী করা হয় লিভারপুল সমর্থকদের।

২৬ বছর বয়সী বারওয়াইজকে নিষেধাজ্ঞা দিয়েছে সেফটন ম্যাজিস্ট্রেট আদালত। পাশাপাশি তাকে ৫০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে।

নিষেধাজ্ঞার তিন বছরে যুক্তরাজ্যে কোনো ফুটবল ম্যাচ দেখতে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না বারওয়াইজ। দেশের বাইরে কোনো আন্তর্জাতিক ম্যাচ দেখতে গেলে তার পাসপোর্ট জমা দিতে হবে।