ইংলিশ ফুটবল
Published : 01 Jul 2026, 10:01 PM
নতুন মৌসুমের আগে রক্ষণে শক্তি বাড়িয়েছে চেলসি। ইতালির শীর্ষ প্রতিযোগিতা সেরি আর গত মৌসুমের সেরা ডিফেন্ডার মার্কো পালেস্ত্রাকে দলে টেনেছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।
২১ বছর বয়সী পালেস্ত্রাকে প্রায় চার কোটি ৭০ লাখ পাউন্ডে দলে নিয়েছে চেলসি। আতালান্তার রাইট-ব্যাকের সঙ্গে ছয় বছর চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
গত মৌসুমে আতালান্তা থেকে ধারে কাইয়ারিতে খেলেন পালেস্ত্রা। সেখানে দুর্দান্ত পারফর্ম করে সেরি আর বর্ষসেরা ডিফেন্ডার নির্বাচিত হন এই ইতালিয়ান ফুটবলার।
শৈশবের ক্লাব ইন্টার মিলানে ফেরার দুয়ারেই ছিলেন পালেস্ত্রা। কিন্তু চেলসি দ্রুত পদক্ষেপ নিয়ে ইন্টারের চার কোটি ৩০ লাখ পাউন্ডের প্রস্তাবকে ছাড়িয়ে যায়। ইতালির বেশ কিছু সূত্রের বরাত দিয়ে বিবিসি লিখেছে, চেলসি তাকে আকর্ষণীয় বেতনের প্রস্তাবও দিয়েছে।
চেলসির নতুন কোচ হিসেবে শাবি আলোন্সো দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনো খেলোয়াড় দলে টানল ক্লাবটি। পালেস্ত্রা বলেছেন, তার চেলসিতে যাওয়ার পেছনে রেয়াল মাদ্রিদের সাবেক এই কোচেরও ভূমিকা আছে।
“চেলসিতে আমার যোগ দেওয়ার পেছনে অনেক কারণ আছে, এর একটি হলো এটা বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। আমাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, স্কোয়াডটা খুব শক্তিশালী এবং শাবির মতো একজন কোচ আছেন।
“কীভাবে আমাদের খেলাতে চান, সেটা নিয়ে তিনি (শাবি) আমার সঙ্গে কথা বলেছেন, যা সত্যিই রোমাঞ্চকর। আমরা প্রিমিয়ার লিগে লড়াই করার জন্য মুখিয়ে আছি।”