ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে টটেনহ্যামের প্রথম জয়
দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময়ই দাপুটে ফুটবল খেলেছে টটেনহ্যাম হটস্পার।
মৌসুম শুরুর ম্যাচে এলোমেলো ফুটবল খেলেও জয়ের দেখা পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার তাদের হলো উল্টো অভিজ্ঞতা। আক্রমণাত্মক ফুটবলে আশানুরূপ শুরু করেও পেতে হলো তেতো স্বাদ। দ্বিতীয়ার্ধে আধিপত্য ধরে রেখে দারুণ জয় তুলে নিল টটেনহ্যাম হটস্পার।
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। পাপে মাতার সারের গোলে তারা এগিয়ে যাওয়ার পর শেষ দিকে আত্মঘাতী গোল করেছেন ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেস।
ব্রেন্টফোর্ডের মাঠে ২-২ ড্রয়ে আসর শুরুর পর ঘরের মাঠে নেমেই জয় পেল টটেনহ্যাম।
উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে ইউনাইটেডের পারফরম্যান্স ছিল একেবারেই সাধারণ মানের। মাঝমাঠে ঘাটতি ছিল প্রবল। সেই তুলনায় এদিন শুরু থেকে বেশ গোছানো ফুটবল খেলে তারা।
গতিময় ফুটবলে প্রথম ১৫ মিনিটে প্রতিপক্ষের রক্ষণের ভালোই পরীক্ষা নেয় তারা। ত্রয়োদশ মিনিটে গোলও পেতে পারতেন মার্কাস র্যাশফোর্ড। তবে ছয় গজ বক্সে তার কোনাকুনি শট কোনোমতে হাত বাড়িয়ে রুখে দেন গোলরক্ষক।
পাল্টা আক্রমণে ৩০তম মিনিটে ভালো একটা সুযোগ তৈরি করে টটেনহ্যাম। তবে পাপে মাতার সারের কোনাকুনি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক আন্দ্রে ওনানা। সেনেগালের তরুণ মিডফিল্ডার ফিরতি বলও পেয়েছিলেন, কিন্তু পারেননি কাজে লাগাতে।
এর কিছুক্ষণ পর সুবর্ণ সুযোগ পান ব্রুনো ফের্নান্দেস। লুক শ’য়ের গোলমুখে বাড়ানো ক্রসে চোখের পলকে পজিশন নিয়ে হেড করেন তিনি, কিন্তু অবিশ্বাস্যভাবে লক্ষ্যের ধারেকাছেও ছিল না বল।
ভাগ্যের ফেরে ১০ সেকেন্ডের মধ্যে দুইবার একটুর জন্য গোল পায়নি টটেনহ্যাম। ৪০তম মিনিটে প্রথমবার স্প্যানিশ ডিফেন্ডার পেদ্রো পোরোর শট পোস্টে লাগার পর ফিরতি বল ধরে চেষ্টা করেন মাতার সার, কিন্তু বল ইউনাইটেড ডিফেন্ডার লুক শ’য়ের গায়ে লেগে ফের পোস্টে বাধা পায়!
বিরতির পর লড়াই যেন নতুন মাত্রা পায়। প্রথমার্ধের শেষ দিকে ছন্দ খুঁজে পাওয়া টটেনহ্যাম ৪৮তম মিনিটে এগিয়ে যায়।
কিছুটা ভাগ্যের সহায়তাও অবশ্য পায় তারা। ডান দিকের বাইলাইন ধরে এগিয়ে কাটব্যাক করেন দেইয়ান কুলুসেভস্কি, বল ইউনাইটেডের একজনের গায়ে লেগে চলে যায় ছয় গজ বক্সের মুখে মাতার সারের পায়ে। ঠাণ্ডা মাথার শটে লক্ষ্যভেদ করেন ২০ বছর বয়সী মিডফিল্ডার।
পিছিয়ে পড়ার দুই মিনিটের মধ্যে সমতায় ফিরতে পারতো সফরকারীরা। কিন্তু আন্তোনির শট বাঁ দিকের পোস্ট কাঁপায়। চার মিনিট পর কাসেমিরোর দুর্দান্ত হেড অসাধারণভাবে রুখে দিয়ে ব্যবধান ধরে রাখেন টটেনহ্যামের ইতালিয়ান গোলরক্ষক গুইলেলমো ভিকারিও।
৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলেও ভাগ্যের সহায়তা পায় টটেনহ্যাম। বাঁ দিক থেকে ইভান পেরিসিচের পাস বক্সে পেয়ে সামান্য একটু পা ছোঁয়াতে পারেন বেন ডেভিস, বল পোস্ট ঘেঁষে বেরিয়েও যেতে পারতো। ছুটে এসে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো জালে ঠেলে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
বাকি সময়ে লড়াইয়ে ফেরার তেমন কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি ইউনাইটেড। প্রথম ম্যাচে ছন্নছাড়া পারফরম্যান্সের পর এবার ভালো কিছুর আভাস দিয়েও খেই হারিয়ে ফেলল দল- ঘাটতিগুলো দ্রুত পুষিয়ে নিতে পারলে সামনের পথচলায় দলটির জন্য দুর্ভাবনার কারণ হতে পারে।
