ওমানকে উড়িয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের
উইমেন’স ফাইভ-এ-সাইড এশিয়া কাপ হকিতে বাংলাদেশের এই বড় জয়ে একাই পাঁচ গোল করেছেন আইরিন রিয়া।
উইমেন’স ফাইভ-এ-সাইড এশিয়া কাপ হকিতে আলো ছড়িয়ে চলেছেন আইরিন রিয়া। একের পর এক জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ছে বাংলাদেশও।
ওমানের সালালাহ’য় হওয়া এই প্রতিযোগিতায় শনিবার নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিকদেরকে ৯-২ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে টানা তৃতীয় জয় পেল তারা।
ওমানের জালে পাঁচবার গোল উৎসব করেছেন রিয়া। বাকি চার গোলদাতা অর্পিতা পল, সানজিদা মনি, মোসাম্মাৎ আক্তার ও ফারদিয়া রাত্রি।
ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-৪ গোলে হেরে আসর শুরু করা মেয়েরা দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ১০-৫ গোলে গুঁড়িয়ে দিয়েছিল। আর শনিবার দিনের প্রথমভাগে নিজেদের তৃতীয় ম্যাচে ইরানকে ৯-৩ গোলে উড়িয়ে দেয় রিয়া-অর্পিতারা।
আসরে এই নিয়ে চার ম্যাচে ১৪টি গোল করলেন রিয়া। ইরান ম্যাচে ৪টি, চাইনিজ তাইপের বিপক্ষে ৪টি এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি গোল করেছিলেন তিনি।
বাংলাদেশ এখানে চ্যালেঞ্জার পুলে খেলছে। এই পুলে বাংলাদেশসহ আছে চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, ইরান, ওমান ও হংকং। চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট বাংলাদেশের।
