যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্রয়ের পর রদ্রিগো বললেন, “কঠোর অনুশীলন প্রয়োজন”
অসংখ্য সুযোগ তৈরি করলেও একটির বেশি গোল করতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আক্রমণের পসরা মেলে ধরে যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করে রাখলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি ব্রাজিল। শক্তিতে পিছিয়ে থাকা দলের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ায় স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তারকা এই ফরোয়ার্ড মনে করছেন, কোপা আমেরিকায় ভালো করতে তাদের আরও কঠোর পরিশ্রম প্রয়োজন।
লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে বৃহস্পতিবার শেষ প্রস্তুতি ম্যাচ খেলে ব্রাজিল। জয় দিয়ে শেষটা রাঙাতে পারেনি তারা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্র করে ১-১ গোলে।
ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল ব্রাজিলই। ১৭তম মিনিটে দলকে উল্লাসে মাতান রদ্রিগো। নয় মিনিট পরই ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে সমতা ফেরায় যুক্তরাষ্ট্র।
ম্যাচজুড়ে আক্রমণের তোড়ে যুক্তরাষ্ট্রকে ভাসিয়ে দেয় ব্রাজিল। কিন্তু তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান প্রতিপক্ষের গোলরক্ষক ম্যাট টার্নার। ১১ সেভ করেন তিনি।
ব্রাজিল শিবিরেও মাঝেমধ্যে ভীতি ছড়ায় যুক্তরাষ্ট্র। তাতে পোস্টের নিচে ব্যস্ত দিন কাটে আলিসনেরও। ব্রাজিল গোলরক্ষক করেন ছয়টি সেভ।
ম্যাচ শেষে টিভি গ্লোবোকে রদ্রিগো বলেন, তাদেরকে কঠিন চ্যালেঞ্জ জানিয়েছে যুক্তরাষ্ট্র। কোপা আমেরিকায় ভালো করতে হলে, আরও পরিশ্রমের প্রয়োজন বলে মনে করেন তিনি।
“কঠিন একটি ম্যাচ ছিল। আপনি সবসময়ই জিততে চাইবেন। তবে এটা যেহেতু প্রস্তুতি ম্যাচ, আপনাকে না হারার চেষ্টা করতে হবে।”
“তারা আমাদের কঠিন পরীক্ষায় ফেলেছে, কিন্তু আমরাও অনেক সুযোগ তৈরি করেছি কিন্তু একটু ঘাটতি ছিল। কোপা আমেরিকায় ভালো করতে আমাদের এভাবেই খেলে যেতে হবে, কঠোর অনুশীলন করতে হবে।”
আগামী ২৪ জুন কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে ব্রাজিল। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কলম্বিয়া।
