২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্মিলনীর মঞ্চে রেয়াল ও আরবেলোয়ার ‘বাজে দিনের’ আশায় মরিনিয়ো

নিজের সাবেক ক্লাব ও সাবেক খেলোয়াড়ের মুখোমুখি হচ্ছেন জোসে মরিনিয়ো।

পুনর্মিলনীর মঞ্চে রেয়াল ও আরবেলোয়ার ‘বাজে দিনের’ আশায় মরিনিয়ো
জোসে মরিনিয়ো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 08:34 AM

Updated : 26 Aug 2026, 02:48 PM

রেয়াল মাদ্রিদের বিপক্ষে আসছে ম্যাচটি বেনফিকার জন্য টিকে থাকার লড়াই-ই শুধু নয়, তাদের কোচ জোসে মরিনিয়োর জন্য পুনর্মিলনীর উপলক্ষও। নিজের সাবেক ক্লাব ও ডাগআউটে সাবেক খেলোয়াড় আলভারো আরবেলোয়ার মুখোমুখি হতে যাচ্ছেন অভিজ্ঞ পর্তুগিজ কোচ। যেখানে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না তিনি।  

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডে বুধবার ঘরের মাঠে রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বেনফিকা।

সপ্তাহ দুয়েক আগে মরিনিয়োর আরেক সাবেক খেলোয়াড় শাবি আলোন্সোকে বরখাস্ত করে আরবেলোয়াকে দায়িত্ব দেয় রেয়াল। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত যখন স্প্যানিশ ক্লাবটির কোচ ছিলেন মরিনিয়ো, তখন তার কোচিংয়ে খেলেছিলেন আলোন্সো ও আরবেলোয়া। 

৪৩ বছর বয়সী আরবেলোয়ার জন্য শুভকামনা জানালেও মরিনিয়ো চান, আসছে ম্যাচে যেন ভালো করতে না পারে রেয়াল মাদ্রিদ।

“প্রথমত আশা করি, তার জন্য সবকিছু ঠিকঠাক হবে, এটাই আমি চাই। আমি চাই, আরবেলোয়া যেখানেই যাক না কেন ভালো করুক। আমি চাই রেয়াল মাদ্রিদ যেকোনো কোচের সঙ্গে ভালো করুক। আমি রেয়াল মাদ্রিদকে ভালোবাসি, আলভারোকে ভালোবাসি। কেবল আশা করি, আগামীকাল (বুধবার) তারা খারাপ করবে।”

সাত ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রেয়াল মাদ্রিদ। শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে অনেকটা এগিয়ে আছে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।

সমান ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে বেনফিকা আছে ২৯ নম্বরে। টিকে থাকতে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না তাদের, পক্ষে আসতে হবে অন্যান্য ম্যাচের ফলও। মরিনিয়ো শুধু নিজেদের জয়ের কথাই ভাবছেন।

“আমাদের একমাত্র লক্ষ্য হলো জয়। আমাদের অন্যান্য ফলাফলের দিকে মনোযোগ দিতে হবে না, যদি আমরা জিততে না পারি, তাহলে আমরা পরবর্তী পর্বে থাকব না।”