১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অলিম্পিকসের প্রস্তুতি নিতে উইম্বলডনে খেলবেন না নাদাল

চোট কাটিয়ে ফেরার পর সেরা ছন্দ থেকে অনেক দূরে থাকা এই স্প্যানিয়ার্ড প্যারিস অলিম্পিকসের প্রস্তুতি নিতে চান আটঘাট বেঁধে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 02:26 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

চোট কাটিয়ে ফেরার পর রাফায়েল নাদাল নেই সেরা ছন্দে। কদিন আগে ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই বেজেছে বিদায়ঘণ্টা। সব মিলিয়ে শেষের রাগিনী শুনতে পাচ্ছেন তিনি। তবে, শেষটা রাঙাতে প্যারিস অলিম্পিকসকে যেন আকঁড়ে ধরতে চাইছেন নাদাল। অলিম্পিকসের প্রস্তুতি নিতে তাই উইম্বলডন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই স্প্যানিয়ার্ড।

আগামী ১ জুলাই শুরু হবে উইম্বলডন। ২৬ জুলাই শুরু হবে প্যারিস অলিম্পিকস; পরের দিন কোর্টে গড়াবে টেনিস ইভেন্ট। নিতম্বের চোট কাটিয়ে গত এপ্রিলে ফেরা নাদালের হাতে সবকিছু গুছিয়ে নিতে তাই সময় খুব বেশি নেই।

নিতম্বের চোটের কারণে ৩৮ বছর বয়সী এই তারকা ২০২৩ সালের প্রায় পুরোটা সময় ছিলেন কোর্টের বাইরে। চলতি বছরের শুরুতে ফেরাও বিলম্বিত হয় পেশি ছিঁড়ে যাওয়ায়। এরপর ফরাসি ওপেনে প্রিয় রোঁলা গাঁরোর আঙিনায় ফিরলেও নাদাল ছিলেন নিজের ছায়া হয়ে। প্রথম রাউন্ডে হেরে ছিটকে যান ‘ক্লে কোর্টের সম্রাট’; এই গ্র্যান্ড স্ল্যামে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন তিনি। 

রোঁলা গাঁরোতেই হবে অলিম্পিকসের টেনিস ইভেন্ট। নাদালও অধীর আগ্রহে তাকিয়ে সেদিকে। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকসে এককে সোনা এবং ২০১৬ আসরে দ্বৈতে সোনা জেতা এই তারকা শরীরের বর্তমান পরিস্থিতির বিবেচনায় বাদ দিলেন উইম্বলডনে খেলার ভাবনা।

“রোঁলা গাঁরোয় ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আমার গ্রীষ্মের বর্ষপঞ্জি নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং এরপর থেকে আমি ক্লে কোর্টে প্রস্তুতি নিচ্ছি। গতকাল ঘোষণা করা হয়েছে যে, প্যারিস অলিম্পিকসে খেলব আমি।”

“এই লক্ষ্যে ছুটতে হলে…আমরা (আমিসহ টিম স্টাফ) বিশ্বাস করি, আমার শরীরের জন্য কোর্ট বদল না করাই হবে সর্বোত্তম এবং যতদিন শরীর পুরোপুরি ভালো না হয়, ততদিন ক্লে কোর্টে খেলা চালিয়ে যাওয়াই হবে ভালো। এ কারণে এ বছরের উইম্বলডনে খেলা মিস করব আমি।”

নাদাল মেজর জিতেছেন ২২টি, যার মধ্যে উইম্বলডনের ট্রফি আছে দুটি। সবশেষ ২০১০ সালে এই ট্রফি উঁচিয়ে ধরেছিলেন তিনি। ব্রিটিশ সমর্থকদের জন্য তাই খারাপ লাগছে নাদালের।

“অসাধারণ এই টুর্নামেন্টের চমৎকার আবহে আমি এ বছর থাকতে পারব না বলে দুঃখ লাগছে। উইম্বলডন এবং সব ব্রিটিশ সমর্থক, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন, তারা সবসময় আমার হৃদয়ে থাকবেন। আমি আপনাদের সবাইকে মিস করব।” 

প্যারিস অলিম্পিকসে দ্বৈতে আলকারাস ও নাদালের জুটি বেঁধে খেলার কথা বুধবার জানায় রয়্যাল স্প্যানিশ টেনিস ফেডারেশন।