২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারবোনিকে রেখে কোপা আমেরিকার চূড়ান্ত দল আর্জেন্টিনার

১৯ বছর বয়সী ভালেন্তিন কারবোনির চূড়ান্ত স্কোয়াড়ে ঠাঁই পাওয়াটা বিস্ময়করই।

কারবোনিকে রেখে কোপা আমেরিকার চূড়ান্ত দল আর্জেন্টিনার
গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে লিওনেল মেসির সঙ্গে ভালেন্তিন কারবোনি (বাঁয়ে)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2024, 08:36 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

গত মৌসুমে ভালেন্তিন কারবোনি ইন্টার মিলান থেকে ধারে গিয়ে মোনসার হয়ে খেলেন। সেরি আয় জালের দেখা এই ফরোয়ার্ড পান মাত্র দুইবার। তবে গুয়াতেমালার বিপক্ষে আর্জেন্টিনার সবশেষ প্রীতি ম্যাচে এই তরুণের পারফর‌ম্যান্স মুগ্ধ করে লিওনেল মেসিকে। কোচের নজরও কাড়তে পারেন কারবোনি। ফলে, তাকে রেখেই কোপা আমেরিকার চূড়ান্ত দল ঘোষণা করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে লাতিন ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকা। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে কানাডা, পোল্যান্ড ও চিলি। এ টুর্নামেন্ট সামনে রেখে ২৬ জনের চূড়ান্ত দল দিয়েছেন স্কালোনি; সেখানে বড় বিস্ময় কারবোনির থাকা।

গুয়াতেমালা ম্যাচ শেষে তরুণ সতীর্থের প্রশংসায় মেসি বলেন, “ভালেন্তিন কারবোনির ভবিষ্যৎ উজ্জ্বল। সে আর্জেন্টিনা দলের বর্তমান ও ভবিষ্যৎ।”

“ইতোমধ্যে আমি অনূর্ধ্ব-২০ দলে তার খেলা দেখেছি। তবে সে অনেক উন্নতি করেছে। অসাধারণ সব গুণের সমন্বয়ে সে এখন ভিন্ন এক খেলোয়াড়।”

হেরমান পেস্সেইয়া ও গিদো রদ্রিগেসকে নিয়েও শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা ছিল। সেই মেঘ অবশ্য সরে গেছে; চূড়ান্ত দলে আছেন দুজনই। কোপা আমেরিকায় রেকর্ড ১৫ শিরোপা জয়ী আর্জেন্টিনার মুকুট ধরে রাখার মিশনে সঙ্গী হচ্ছেন তারা।

রেয়াল বেতিস ডিফেন্ডার পেস্সেইয়া গোড়ালির চোটে ভুগছিলেন, কয়েকদিন সতীর্থদের সাথে অনুশীলনও করতে পারেননি তিনি। আর সেভিয়া মিডফিল্ডার রদ্রিগেস ভুগছিলেন জ্বরে; তাছাড়া শারীরিকভাবে সেরা পর্যায়েও ছিলেন না তিনি। কিন্তু দুজনের ওপর আস্থা রেখেছেন আর্জেন্টিনা কোচ।

২৯ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ভালেন্তিন ব্রাকো, লিওনার্দো বেলার্দি ও আনহেল কোররেয়া।

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), জেরোনিমো রুলি (আয়াক্স)

ডিফেন্ডার: গনসালো মানতিয়েল (নটিংহ্যাম ফরেস্ট), নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), হেরমান পেস্সেইয়া (রেয়াল বেতিস), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস আকুনা (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)।

মিডফিল্ডার: গিদো রদ্রিগেস (রেয়াল বেতিস), লেয়ান্দ্রো পারেদেস (রোমা), আলেক্সিস ম্যাক আলিস্তের (লিভারপুল), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ) এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), এনসো ফের্নান্দেস (চেলসি), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার)

ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া (বেনফিকা), ভালেন্তিন কারবোনি (ইন্টার মিলান/মোনসা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড). নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি)