২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিসংখ্যানে বায়ার্ন-পিএসজি লড়াই

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে ১০টির বেশি ম্যাচ খেলা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড পিএসজির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 10:11 PM

Updated : 13 Feb 2023, 10:11 PM

চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা সাফল্যের বিবেচনায় বায়ার্ন মিউনিখের ধারেকাছেও নেই পিএসজি। তবে মুখোমুখি লড়াইয়ের হিসেবে এগিয়ে আছে ফরাসি চ্যাম্পিয়নরা। সেই আত্মবিশ্বাসে আরও একবার ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে কখনোই এই প্রতিযোগিতার শিরোপা জিততে না পারা পিএসজি।

ইউরোপ সেরার মঞ্চে মঙ্গলবার শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে দল দুটি। পিএসজির মাঠে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

হাইভোল্টেজ লড়াইটির আগে ক্রীড়ার তথ্য-উপাত্ত বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার তথ্য অনুযায়ী বায়ার্ন ও পিএসজির কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাঠকদের জন্য।

* এখন পর্যন্ত বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১১ বার খেলেছে পিএসজি, যার সবগুলোই চ্যাম্পিয়ন্স লিগে। প্যারিসের ক্লাবটি জিতেছে ছয়টি ম্যাচ, বায়ার্নের জয় পাঁচটি। দুই দল গোল করেছে সমান ১৫টি করে।

* চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে ১০টির বেশি ম্যাচ খেলা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি শতাংশ জয়ের রেকর্ড পিএসজির (৫৫ শতাংশ)।

* চলতি আসরের গ্রুপ পর্বে ছয়টি ম্যাচেই জিতেছে বায়ার্ন। ১৮টি গোল করার বিপরীতে হজম করেছে কেবল দুটি। চ্যাম্পিয়ন্স লিগে এর আগে একবারই আসরে প্রথম সাত ম্যাচে জয়ের রেকর্ড আছে জার্মান ক্লাবটির (২০১৯-২০)। সেবার তারা শিরোপা জিতেছিল শতভাগ জয়ের রেকর্ড গড়ে (১১/১১)।

* চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সবশেষ ৩২টি হোম ম্যাচে মাত্র একবারই গোল করতে পারেনি পিএসজি (গড়ে প্রতি ম্যাচে করেছে ২.৬ গোল)। ২০২০-২১ মৌসুমে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের বিপক্ষেই ১-০ গোলে হেরেছিল প্যারিসের দলটি।

* চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের হয়ে মাঠে নেমে ৭৬ শতাংশ ম্যাচ জিতেছেন জসুয়া কিমিখ (৫০/৬৬)। এই প্রতিযোগিতায় ৫০টির বেশি ম্যাচ খেলা ফুটবলারদের মধ্যে একমাত্র খেলোয়াড় হিসেবে নিজের তিন চতুর্থাংশেরও বেশি ম্যাচে জয় পেয়েছেন জার্মানির এই মিডফিল্ডার।

* পিএসজিতে যোগ দিয়ে ২০১৭-১৮ মৌসুম থেকে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ৫০ ম্যাচে ৫৭টি গোলে সরাসরি অবদান রেখেছেন কিলিয়ান এমবাপে (৩৪ গোল ও ২৩ অ্যাসিস্ট)। এই সময়ে একমাত্র খেলোয়াড় হিসেবে ইউরোপ সেরার মঞ্চে ২০টির বেশি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি।

* চ্যাম্পিয়ন্স লিগের গত দুই আসরে বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার লেরয় সানে সরাসরি ১৭টি গোলে অবদান রেখেছেন (১০ গোল ও ৭ অ্যাসিস্ট)। এই সময়ে তার চেয়ে বেশি গোলে জড়িয়ে আছে কেবল রবের্ত লেভানদোভস্কি (২১), এমবাপে (২০), মোহামেদ সালাহর (১৮) নাম।