২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্চারিতে ব্রোঞ্জ পেল বাংলাদেশ

সিঙ্গাপুরে ওয়ার্ল্ড আর্চারি স্টেজ-৩ প্রতিযোগিতায় অবশেষে পদক পাওয়ার আনন্দ সঙ্গী হলো বাংলাদেশের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2023, 04:28 PM

Updated : 10 Jun 2023, 04:30 PM

একের পর এক ইভেন্ট থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ অবশেষে পেল পদকের দেখা। ওয়ার্ল্ড আর্চারি স্টেজ-৩ প্রতিযোগিতার রিকার্ভ পুরুষ দলগত বিভাগে অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে দল।

সিঙ্গাপুরে শনিবার অস্ট্রেলিয়াকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয় বাংলাদেশ। দলের হয়ে খেলেন সাগর ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা।

এই ইভেন্টে ভারতকে হারিয়ে সোনা জিতেছে চীন।

শুক্রবার রিকার্ভ মিশ্র দলগত বিভাগে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে ৬-২ ব্যবধানে উড়ে যায় দিয়া সিদ্দিকী ও সাগর ইসলামে গড়া বাংলাদেশ দল। 

কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগেও সেরা আটে ওঠার ম্যাচে নেওয়াজ আহমেদ রাকিব ও শ্যামলী রায় জুটি জমজমাট লড়াইয়ের পর ইন্দোনেশিয়ার জুটির কাছে হেরে যান ১৫১-১৫০ স্কোরে।

রিকার্ভ ও কম্পাউন্ডের অন্যান্য ব্যক্তিগত ও দলীয় ইভেন্টে বিবর্ণ আর্চাররা অন্তত একটা পদক পাওয়ার তুষ্টি নিয়ে রোববার দেশে ফিরবেন।