২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

ইরাকে সোনা জিতলেই আলিফ-বন্যাদের ৩ লাখ টাকা পুরস্কার

এশিয়া কাপে অংশগ্রহণকারীদের উজ্জীবিত করতে এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

ইরাকে সোনা জিতলেই আলিফ-বন্যাদের ৩ লাখ টাকা পুরস্কার

ইরাকে যাওয়ার আগে আশার কথা শোনালেন আফিল-বন্যারা। ছবি: বাংলাদেশ আর্চারি ফেডারেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Oct 2026, 08:37 PM

Updated : 21 Oct 2026, 08:37 PM

জাপানের আইচি-নাগোয়াতে এশিয়ান গেমসে খেলার অভিজ্ঞতা হয়েছে কিছুদিন আগে। এবার আলিফ-বন্যারা যাচ্ছেন ইরাকের সোলেমানিয়াতে; এশিয়া কাপ, স্টেজ-২ (ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট)-এ অংশ নিতে। এই প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া আর্চারদের উজ্জীবিত করতে সোনা জিতলেই তিন লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

শনিবার এই টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ২৯ অক্টোবর। ৬ জন করে পুরুষ ও নারীসহ মোট ১২ জনের বাংলাদেশ দল বুধবার রওনা দিবে ইরাকের উদ্দেশে। রিকার্ভ ও কম্পাউন্ডের পুরুষ ও মহিলা বিভাগে একক, দলগত ও মিশ্র দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।

সবশেষ এশিয়ান গেমসের আর্চারির কোনো ইভেন্টেই পদকের লড়াইয়ে উঠতে পারেনি বাংলাদেশ। তবে, ওই আসরের অভিজ্ঞতা ইরাকে কাজে লাগবে বলে বিশ্বাস আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের।

“প্রস্তুতি বেশ ভালো হয়েছে। এবারের প্রতিযোগিতায় ১৭ থেকে ১৯টি দেশ অংশ নিচ্ছে। এশিয়ান গেমসের অভিজ্ঞতা এখানে কাজে লাগবে। খেলোয়াড়দের আরও বেশি উৎসাহিত করতে ফেডারেশনের পক্ষ থেকে প্রতিটি স্বর্ণপদকের জন্য তিন লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ, এবার দল থেকে ভালো একটা ফলাফল আসবে।”

কোচ মার্টিন ফ্রেডরিকও প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। তিনিও আশাবাদী ইরাকে সাফল্য পাওয়ার প্রশ্নে। তবে, এককের চেয়ে দলগত ইভেন্টের দিকে নজর বেশি এই জার্মান কোচের।

“এশিয়ান গেমসের ঠিক পরপরই খেলোয়াড়দের ফর্ম ঝালিয়ে নেওয়া হয়েছে এবং দলগত ও মিশ্র দলগত ইভেন্টে ইরাকে ভালো করার জন্য যা যা প্রয়োজন তার সবই করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য পদক জেতা।”

এশিয়ান গেমসে আশানুরূপ ফল না পাওয়ার আক্ষেপ দূর করতে চান আব্দুর রহমান আলিফ।

“এশিয়ান গেমসের ফল আমাদের মনে আছে, যে শোক ও জেদ থেকে আমরা এবার ভালো কিছু করতে যাচ্ছি। ট্রায়ালে আমরা বেশ ভালো স্কোর করেছি এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে দেশের জন্য ভালো কিছু বয়ে আনা সম্ভব।”

জাপান থেকে ফিরে প্রস্তুতির মধ্যে থাকায় ইরাকে সাফল্য পাওয়ার প্রশ্নে দারুণ আশাবাদী বন্যা আক্তার।

“এশিয়ান গেমসের পর থেকেই ধারাবাহিকভাবে অনুশীলন চলছে। আমরা স্বর্ণপদকের জন্যই লড়াই করব।”