এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের সেমি-ফাইনালে ইমরানুর
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটারে মুকুট ধরে রাখার পথে প্রথম ধাপ পেরিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব।
গতবারের চেয়ে হিটে টাইমিং ভালো হলো ইমরানুর রহমানের। তবে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটারে মুকুট ধরে রাখার মিশনে বাংলাদেশের দ্রুততম মানব নিজের হিটে দ্বিতীয় ও চার হিট মিলিয়ে হলেন চতুর্থ।
ইরানের তেহরানে রোববার তিন নম্বর হিটের ৬ নম্বর লেনে দৌড়ান ইমরানুর। ৬ দশমিক ৬২ সেকেন্ডে দৌড় শেষ করেন ৩০ বছর বয়সী অ্যাথলেট। এই হিটে ৬ দশমিক ৫৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ওমানের আলি আনোয়ার, সব হিট মিলিয়ে সেরাও হয়েছেন তিনি।
ইমরানুরের চেয়ে ভালো টাইমিং করা অন্য দুজন হলেন, জাপানের শুহেই তাদা ও উত্তর কোরিয়ার জো কুম রাইওং; দুজনের টাইমিং সমান ৬ দশমিক ৬০ সেকেন্ড।
বাংলাদেশের আরেক অ্যাথলেট রাকিবুল হাসান দৌড়ান ৪ নম্বর হিটে। ৬ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে চতুর্থ হয়েছেন তিনি।
গত বছর কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬ দশমিক ৫৯ সেকেন্ড টাইমিং করে সোনা জিতেছিলেন ইমরানুর। ওই আসরের সেমি-ফাইনালে তিনি দৌড় শেষ করেছিলেন ৬ দশমিক ৬১ সেকেন্ডে। হিটে তার টাইমিং ছিল ৬ দশমিক ৭০ সেকেন্ড।
কদিন আগেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে সেরা হন ইমরানুর। টানা চতুর্থবারের মতো দেশের দ্রুততম মানব হওয়ার পথে বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট দৌড় শেষ করেন ১০ দশমিক ৩৬ সেকেন্ডে।
