ধুঁকছে লিভারপুল, তবে নিজের ভবিষ্যৎ নিয়ে ‘চিন্তিত নন’ স্লট
যত দ্রুত সম্ভব দলকে আবার চেনা রূপে ফেরানো নিয়েই যত ভাবনা এই ডাচ কোচের।
লিভারপুলের কোচ হিসেবে অভিষেক মৌসুমেই প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পাওয়া আর্না স্লট এখন দেখছেন মুদ্রার উল্টো পিঠ। টানা ব্যর্থতায় তিনি হারাতে পারেন চাকরি, এমন প্রশ্নও উঠছে। তবে অ্যানফিল্ডে নিজের ভবিষ্যৎ নিয়ে একদমই চিন্তিত নন বলে জানিয়েছেন এই ডাচ কোচ।
কক্ষচ্যুত লিভারপুল সবশেষ হতাশার গল্প লিখেছে বুধবার রাতে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। স্লটের দেশের ক্লাব পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ঘরের মাঠেই ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা।
অ্যানফিল্ডে ষষ্ঠ মিনিটে ইভান পেরিসিচের সফল স্পট কিকে পিছিয়ে পড়ার ১০ মিনিট পর, দমিনিক সোবোসলাইয়ের গোলে সমতায় ফেরে লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধে আর লড়াই চালিয়ে যেতে পারেনি তারা। ৫৬তম মিনিটে গাস তিলের গোলে আবার এগিয়ে যায় সফরকারীরা। লিভারপুলের জালে শেষ দুটি গোল করেন সোহেইব দ্রিউয়েশ।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের এটা দ্বিতীয় পরাজয়। আর সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচের ৯টিতেই হারের তেতো স্বাদ পেল দলটি।
দলের এমন ছন্নছাড়া পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে স্লটের দিকে প্রশ্ন ছুটে গেল, তিনি বরখাস্ত হওয়ার বিষয়ে চিন্তিত কি-না। উত্তরে তিনি বললেন, “একদমই নই।”
“আমি বোঝাতে চাচ্ছি যে, এখানে নিজের পদের কথা নয়, আমার সব ভাবনা ও মনোযোগ অন্যান্য বিষয় ঘিরে। আমি (সবকিছু) পর্যালোচনার চেষ্টা করি, যতটা সম্ভব খেলোয়াড়দের সাহায্য করার চেষ্টা করি এবং এটা নিশ্চিত যে, গত মৌসুমে আমি যেভাবে তা করেছিলাম, এখন সেইভাবে করছি না। কারণ, ব্যক্তিগত ভুলের কথা বললেও আমার মনে হয়, সেটাও একরকম দলীয় প্রচেষ্টারই ফল।”
“তাই আবারও বলছি, আমার আরও ভালো করতে হবে। প্রতিদিন আমি দলকে আরও ভালো করে তোলার চেষ্টাই করি এবং এটাতেই আমার পূর্ণ মনোযোগ।”
চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে দ্বিতীয় হারের পর পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে লিভারপুল।
এই ম্যাচের আগে প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে পরাজিত হয় স্লটের দল; ম্যানচেস্টার সিটি ও নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে, দুই ম্যাচেই ৩-০ গোলে পর্যদুস্ত হয় তারা।
১২ ম্যাচে ১৮ পয়েন্ট প্রিমিয়ার লিগের টেবিলে দ্বাদশ স্থানে নেমে গেছে লিভারপুল।
