কাতারের কন্ডিশনে মানিয়ে নেওয়ার চেষ্টায় বাংলাদেশ
প্রতিকূল কন্ডিশনে মানিয়ে নিয়ে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের শেষটা ভালো করার লক্ষ্য বাংলাদেশের।
দিনের বেলা কাতারের তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। রাতে নেমে আসে ৩৬ ডিগ্রিতে। এই দেশেই লেবাননের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। দোহায় পৌঁছে শনিবার প্রস্তুতিও শুরু করেছে দল। শুরুতে প্রাধান্য পাচ্ছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি।
আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে লেবানন ও বাংলাদেশ। নিজেদের হোম ম্যাচগুলো লেবানন খেলছে কাতারে।
বাছাইয়ে এ পর্যন্ত বাংলাদেশ একমাত্র পয়েন্ট পেয়েছে লেবাননের বিপক্ষেই; গত নভেম্বরে বসুন্ধরা কিংস অ্যারেনায় ১-১ ড্র ম্যাচ থেকে। ফিরতি লেগেও তাদের বিপক্ষে পয়েন্ট আদায় করার লক্ষ্য বাংলাদেশের।
দোহায় পৌঁছে জিম সেশনের পর দলের সহকারী কোচ হাসান আল মামুন বাফুফের মাধ্যমে পাঠানো বার্তায় জানিয়েছেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে দল। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হারা ম্যাচে রক্ষণের দৃঢ়তা লেবানন ম্যাচ নিয়ে আশাবাদী করে তুলছে আরও।
“সকালে জিম সেশন চলছে। দিনের বেলা (কাতারে) তাপমাত্রা ৪৫-৪৮ ডিগ্রি থাকে। আমরা যখন ট্রেনিং করব (মাঠের অনুশীলন) তখন থাকবে ৩৬ ডিগ্রি। আমাদের এ তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা আশা করছি, দ্রুতই সেটা করতে পারব।”
“বিশ্বকাপ বাছাইয়ে এ পর্বের শেষ ম্যাচ এটা। আমরা ঢাকায় অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে নিজেদের উজাড় করে দিয়ে খেলেছি। রক্ষণে আমরা বেশ উন্নতি করেছি। দুই দলের জন্যই ডু অর ডাই ম্যাচ এটা। প্রতিপক্ষ দল চাইবে ম্যাচ জিততে, আমরাও জিততে চাইব। আমাদের প্রথম লক্ষ্য জয়। সেটা না হলে অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরতে চাই।”
ডিফেন্ডার রহমত মিয়ার কথায় অবশ্য লক্ষ্য নিয়ে নেই জোরাল বার্তা। আপাতত তিনি গুরুত্ব দিচ্ছেন প্রতিকূল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার দিকে।
“ভ্রমণ ভালো ছিল। সবাই সুস্থভাবে কাতারে এসে পৌঁছাতে পেরেছি। আজকে মুলত সকালে রিকভারি সেশন ছিল। জিমে হালকা কাজ করেছি, যাতে বিকেলে অনুশীলনের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি। এখানে গরম আছে। আমি চেষ্টা করছি এখানকার আবহওয়ার সঙ্গে মানিয়ে নিতে। আশা করছি, ম্যাচের জন্য ভালো প্রস্তুতি নিতে পারব আমরা।”
