এসি মিলানের নতুন কোচ ফনসেকা
ইতালির ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন পর্তুগিজ এই কোচ।
নতুন ক্লাব পেতে দেরি হলো না পাওলো ফনসেকার। পর্তুগিজ এই কোচ ফরাসি ক্লাব লিলের দায়িত্ব ছাড়ার কিছুদিনের মধ্যেই তাকে নিয়োগ দিল এসি মিলান।
৫১ বছর বয়সী ফনসেকাকে প্রধান কোচের দায়িত্ব দেওয়ার কথা বৃহস্পতিবার জানায় ইতালিয়ান ক্লাবটি। আগামী তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে এসি মিলান।
চলতি মৌসুম শেষে পারস্পরিক সমঝোতায় এসি মিলানের দায়িত্ব ছাড়েন স্তেফানো পিওলি। তার কোচিংয়ে এবার চতুর্থ স্থানে থেকে সেরি আ শেষ করে ক্লাবটি। ৫৮ বছর বয়সী ইতালিয়ান এই কোচের স্থলাভিষিক্ত হলেন ফনসেকা।
ফনসেকার কোচিংয়ে লিগ আঁতে এবার চতুর্থ হয় লিল। চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি জায়গা করে নিতে পারেনি ফরাসি ক্লাবটি। এরপরই দুই পক্ষের সমঝোতায় চাকরি ছাড়েন ফনসেকা।
এর আগে রোমা, শাখতার দোনেৎস্ক ও পোর্তোর কোচও ছিলেন তিনি। ২০১৩ সালে পোর্তোর হয়ে পর্তুগিজ সুপার কাপ জেতেন ফনসেকা। আর শাখতারের হয়ে টানা তিনবার পান ইউক্রেনিয়ান প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ।
