২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বপ্ন হলো সত্যি’, বার্সেলোনার হয়ে অভিষেকের আনন্দে বললেন ভিতর খক

বার্সেলোনার সতীর্থরা তাকে সাদরে টেনে নিয়েছে বলেও জানালেন এই তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 05:18 PM

Updated : 06 Jan 2024, 06:03 PM

বদলি নেমেছিলেন লাস পালমাসের বিপক্ষে ম্যাচের ৭৮তম মিনিটে। শেষ দিকে গোল পাওয়ার খুব কাছাকাছিও ছিলেন, কিন্তু পাননি। তাই বলে বার্সেলোনার জার্সিতে লা লিগায় অভিষেকের শিহরণ, উচ্ছ্বাসের একটুও কমতি নেই ভিতর খকের। তরুণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মনে খেলা করছে ছেলেবেলার ‘স্বপ্ন সত্যি’ হওয়ার আনন্দ। 

যদিও সেই রোমাঞ্চের প্রকাশ তিনি করতে পারলেন যৎসামান্য! কারণ, লাস পালমাসের মাঠ থেকে ২-১ গোলে জিতে বার্সেলোনায় ফেরার পরই গণমাধম্যের সামনে আসতে হয়েছে, ফলে খকের ঘুমটা হয়নি ঠিকঠাক। তবে অল্প কথায় ১৮ বছর বয়সী এই ফুটবলার জানিয়ে দিলেন নতুন সতীর্থদের আন্তরিকতা তার মন ছুঁয়েছে।

“আমি মাত্র চার ঘণ্টা ঘুমাতে পেরেছি। বার্সেলোনার হয়ে অভিষেক হওয়ায় শৈশব থেকে যে স্বপ্নটা দেখেছি, তা পূরণ হয়েছে।”

“আমি খুবই খুশি। শাভি বলেছেন শান্ত থাকতে এবং যদি পারি, যেন গোল করি। সতীর্থরাও আমাকে খুবই ভালোভাবে গ্রহণ করেছে।” 

দুই স্বদেশি নেইমার ও রোনালদিনিয়োর পদাঙ্ক অনুসরণ করে বার্সেলোনায় এবার পা রাখলেন খক। আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে তিনি আসেন বার্সেলোনার জার্সি পরে বল জাগলিং করতে করতে। 

নতুন চ্যালেঞ্জে খক কতটা জয়ী হতে পারবেন, তা সময়ই বলে দেবে। তবে তাকে নিয়ে যে বার্সেলোনার প্রত্যাশার কমতি নেই, তা পরিচয় পর্বে জানিয়ে দেন ক্লাবের সহ-সভাপতি রাফায়েল ইউসতে। 

“আপনারা জানেন, ফুটবলে ব্রাজিলিয়ানরা কী তুলে ধরে, হাসি উপহার দেয় তারা। এরই মধ্যে আমি খকের সঙ্গে ট্রেনিং সেশনে সময় কাটিয়েছি এবং সবসময় তার মুখে ইতিবাচক মানসিকতার হাসি দেখেছি। তার সম্পর্কে শাভি (বার্সেলোনা কোচ) যেমনটা বলেছে, সে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার।”