১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

৩৫০ দিনে প্রথম হার বার্সেলোনার

বার্সেলোনার মেয়েদের টানা ৪৫ ম্যাচ অপরাজিত থাকার ধারায় ছেদ পড়ল।

৩৫০ দিনে প্রথম হার বার্সেলোনার

বার্সেলোনা নারী দল। ফাইল ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 12:49 AM

Updated : 19 Oct 2026, 01:02 AM

বার্সেলোনার মেয়েদের টানা ৪৫ ম্যাচের অপরাজেয় যাত্রা থামিয়ে দিয়েছে রেয়াল সোসিয়েদাদ। লিগা এফ-এর ম্যাচে রোববার প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরেছে শিরোপাধারীরা। ৩৫০ দিনের মধ্যে তাদের প্রথম হার এটি।

ম্যাচের শুরুটা যদিও ভালো করে বার্সেলোনা। প্রথম মিনিটেই এগিয়ে যায় তারা। কিন্তু পরে প্রথমার্ধেই গোল দুটি হজম করে দলটি।

বার্সেলোনা সবশেষ হেরেছিল একই প্রতিপক্ষের সঙ্গে একই মাঠে! গত বছরের নভেম্বরে লিগ ম্যাচে এখানে ১-০ গোলে হেরেছিল তারা।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনা ওই একটি ম্যাচই কেবল হেরেছিল। সেবার চ্যাম্পিয়ন্স লিগ, লিগা এফ, কোপা দে লা রেইনা ও স্প্যানিশ সুপার কাপ- মৌসুমে চার শিরোপার সবকটিই জিতেছিল তারা।

বার্সেলোনার ছেলেদের দল চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ১১ ম্যাচেই জিতেছে।